ডেস্ক রিপোর্ট
২০ ডিসেম্বর ২০২১, ১১:১৪ অপরাহ্ণ
অধিকার ডেস্ক :: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ পদ ক্রিকেট অপারেশন্স কমিটির দায়িত্ব থেকে সরে দাড়াচ্ছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান। সোমবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানালেন তার স্ত্রী সাবিনা আকরাম।
এ বিষয়ে জানতে আকরাম খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। বিষয়টি নিয়ে মুখ খোলেনি বিসিবিও।
সাবিনা আকরাম ফেসবুক পোস্টে জানান, ‘ক্রিকেট অপারেশন্স ছেড়ে দিচ্ছে আকরাম খান।’
এ বিষয়ে সাবিনা আকরাম গণমাধ্যমকে জানিয়েছেন, ক্রিকেট নিয়ে জীবনের বড় একটা সময় পড়ে থাকল আকরাম। আমরা চাই এখন সে ক্রিকেটের পাশাপাশি পরিবারকে আরও সময় দিক। কিন্তু ক্রিকেট অপারেশন্সের মতো গুরুত্বপূর্ণ জায়গায় থাকলে তো সেটা সম্ভব নয়। তাই আমরা পারিবারিকভাবে বসে সিদ্ধান্ত নিয়েছি যে আকরাম আর ক্রিকেট অপারেশন্সে থাকবে না। সে নিজ মুখেই মিডিয়াকে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত জানাবে।
২০১৪ সালে নাজমুল হাসান পাপনের নেতৃত্বে নির্বাচিত কমিটিতে প্রথমবার ক্রিকেট পরিচালনা বিভাগের দায়িত্ব হাতে নেন ১৯৯৭ সালে আইসিসি ট্রফি জয়ী অধিনায়ক আকরাম খান। এরপর থেকেই ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।