ডেস্ক রিপোর্ট

১৭ নভেম্বর ২০২১, ৯:৫৯ অপরাহ্ণ

মওলানা ভাসানীর ৪৫ তম মৃত্যুবার্ষিকীতে বরিশালে গণসংহতির শ্রদ্ধাঞ্জলি

আপডেট টাইম : নভেম্বর ১৭, ২০২১ ৯:৫৯ অপরাহ্ণ

শেয়ার করুন

বরিশাল প্রতিনিধি:: মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৫ তম মৃত্যুবার্ষিকীতে জনতার শ্রদ্ধাঞ্জলি পালন করেছে গণসংহতি আন্দোলন বরিশাল জেলা কমিটি। আজ রবিবার (১৭ নভেম্বর ২০২১) সকাল ৯ টায় আশ্বিনী কুমার হল চত্ত্বরে উক্ত আয়োজন অনুষ্ঠিত হয়।

এ সময় মওলানা ভাসানীর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন গণসংহতি আন্দোলন বরিশাল জেলার নেতৃবৃন্দ।

এছাড়া ও শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলা, মওলানা ভাসানী পাঠাগার, ভাসানী অনুসারী পরিষদ, ভাসানী পরিষদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল ( বাসদ), বাংলাদেশের ওয়ার্কাস পার্টি, বাংলাদেশর ইউনাইটেড কমিউনিস্ট লীগ সহ অন্যান্য সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

গণসংহতি আন্দোলন বরিশাল জেলা কমিটির সদস্য জামান কবিরের সঞ্চালনায় জেলা কমিটির আহ্বায়ক জননেতা দেওয়ান আবদুর রশিদ নীলু বলেন, “মুক্তি সংগ্রামে মওলানা ভাসানী ছিলেন অবিসংবাদিত নেতা। তার রাজনৈতিক আদর্শ বর্তমানে বাংলাদেশ এখনো প্রাসঙ্গিক। ভাসানীর মত খামোশ বলে বর্তমানের স্বৈরাচার প্রতিহত করে প্রাণ-প্রকৃতিসহ সকল মানুষের হক নিশ্চিত করতে হবে।”

তিনি ইতিহাসকে এক দলীয় বয়ান উল্লেখ করে বলেন, আমরা যেভাবে আমাদের ইতিহাস নিয়ে কথা বলি তাতে মনে হয় বাংলাদেশের ইতিহাস মানে শুধু ভারতের সহায়তায় আওয়ামী লীগের নেতৃত্বে নয় মাসের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস। এর আগে যেন আমাদের আর কোন ইতিহাস নাই। আমাদের ইতিহাসে জাত-পাতের বিরুদ্ধে লড়াই নাই, জমিদার মহাজনদের বিরুদ্ধে শ্রেণি সংগ্রাম নাই, সিপাহি বিদ্রোহ নাই, তিতুমীর নাই, এমনকি সোহরাওয়ার্দি, শেরে বাংলা ফজলুল হক নাই। সবচেয়ে বিস্ময়কর হচ্ছে এই ইতিহাসে কৃষক ও শ্রমিক আন্দোলনের কোন চিহ্ন নাই। মজলুম জননেতা মওলানা ভাসানী নাই।

তিনি আরো বলেন, মওলানাকে বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলার প্রক্রিয়া আদৌ সফল হবে এটা ভাববার কোন কারন নাই। ভাসানীর দিকে নজর দেওয়ার অর্থ হচ্ছে ভূয়া ইতিহাস বাদ দিয়ে মূলত এই উপমহাদেশ ও বিশেষ ভাবে বাংলাদেশের ইতিহাসের দিকে নতুন ভাবে নজর দেবার ক্ষমতা অর্জন করা।

তিনি বলেন, ভাসানীর রবুবিয়ত ও পালনবাদের আদর্শে উজ্জীবীত হয়েই বর্তমান সাম্রাজ্যবাদের তোষণকারি ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করতে হবে। জনগনের পক্ষের রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে৷ ভাসানীর কন্ঠে খামোশ উচ্চারণ করেই স্বৈরাচার মসনদ তছনছ করে জনগনের আকাঙ্খার রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।

শেয়ার করুন