ডেস্ক রিপোর্ট

৩০ সেপ্টেম্বর ২০২১, ৭:০১ অপরাহ্ণ

বাহরাইনে ঐতিহাসিক এক সফরে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : সেপ্টেম্বর ৩০, ২০২১ ৭:০১ অপরাহ্ণ

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক:: ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর লাপিদ আজ এক ঐতিহাসিক সফরে বাহরাইন গিয়েছেন। গত বছর ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপনের পর বাহরাইনে এটিই তাঁর প্রথম সফর। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এই খবর দিয়েছে।

ইয়াইর লাপিদকে বহনের মাধ্যমে গালফ এয়ার প্রথমবারের মতো মানামা এবং তেল আবিবের মধ্যে সরাসরি ফ্লাইট চালু করলো।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে ইয়ার লাপিদ মানামায় গেছেন। বৃহস্পতিবার সেখানে ইসরায়েলের দূতাবাস উদ্বোধন করার কথা রয়েছে। একই সঙ্গে আশা করা হচ্ছে- বেশ কিছু দ্বিপক্ষীয় চুক্তি সই হবে।’

বিবৃতিতে আরো বলা হয়, এটি বাহরাইনে কোনো ইসরায়েলি মন্ত্রীর প্রথম সরকারি সফর। বাহরাইনে ইয়ার লাপিদের অবতরণের পর গালফ এয়ার মানামা থেকে তেলআবিবে সরাসরি ফ্লাইট চালু করেছে।

এর আগে গত বছর যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে বাহরাইন।

ট্রাম্পের নেতৃত্বে আলোচনার পর প্রথমে সংযুক্ত আরব আমিরাত পরে বাহরাইন এবং সবশেষে মরক্কোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক হতে থাকে।

ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর সফরের প্রতিবাদে বৃহস্পতিবার মানামার বাইরে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা টায়ার পুড়িয়ে দিলে আকাশে কালো ধোঁয়া উড়তে দেখা যায়। এছাড়া দেশটিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বাহরাইন রিজেক্ট জায়োনিস্ট’ হ্যাশট্যাগ জনপ্রিয় হয়ে উঠেছে।

এ ঘটনার পর বিমানবন্দর রোডে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে বাহরাইন কর্তৃপক্ষ। প্রধান সড়কগুলোতে কোনো ইসরায়েলি পতাকাও দেখা যায়নি।

১৯৭৯ সালে মিসর এবং ১৯৯৪ সালে জর্ডান ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে শান্তিচুক্তিতে পৌঁছানোর পর তৃতীয় ও চতুর্থ দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন একই পথে হাঁটে।

শেয়ার করুন