ডেস্ক রিপোর্ট

২৮ সেপ্টেম্বর ২০২১, ১২:৫০ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার দাবার শ্রেষ্ঠত্ব ভারতের দাবাড়ুর

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৮, ২০২১ ১২:৫০ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকারবিডি ডেস্ক:: জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক গ্র্যান্ড মাস্টারস দাবা প্রতিযোগিতায় ভারতের আন্তর্জাতিক সংকল্প গুপ্ত অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। আন্তর্জাতিক মাস্টার সংকল্প ৯ খেলায় ৭ পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেন।

সাড়ে ছয় পয়েন্ট করে অর্জন করেন ৫ জন খেলোয়াড়। টাইব্রেকিং পদ্ধতিতে এদের মধ্যে ভারতের মাস্টার মিত্রভা গুহ রানার-আপ, ভারতের আন্তর্জাতিক মাস্টার অরন্যক ঘোষ তৃতীয়, ভারতের আন্তর্জাতিক মাস্টার সায়ন্ত ঘোষ চতুর্থ, বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান পঞ্চম ও ইরানের গ্র্যান্ড মাস্টার মোসাদ্দেকপোর মাসউস ষষ্ঠ স্থান লাভ করেন।

৬ পয়েন্ট করে নিয়ে ভারতের দুই আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ নুবাইরশাহ শেখ সপ্তম ও নীলাস সাহা অষ্টম স্থান এবং বেলজিয়ামের গ্র্যান্ড মাস্টার ভাদিম মালাখাতকো নবম স্থান লাভ করেন। বাংলাদেশের খেলোয়াড়দের বিশেষ পুরস্কারের মধ্যে গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে প্রথম, পাঁচ পয়েন্ট নিয়ে ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ দ্বিতীয়, সাড়ে চার পয়েন্ট করে নিয়ে ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জী তৃতীয়, আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল চতুর্থ ও ফিদে মাস্টার মোঃ তৈয়বুর রহমান পঞ্চম পুরস্কার লাভ করেন।

বিজয়ীদের নগদ পনেরো হাজার মার্কিন ডলার পুরস্কার দেয়া হয় যার মধ্যে চ্যাম্পিয়ন সংকল্প চার হাজার মার্কিন ডলার, রানার-আপ মিত্রভা আড়াই হাজার মার্কিন ডলার, তৃতীয় অরন্যক দেড় হাজার ডলার এবং চতুর্থ হতে অষ্টম স্থান লাভকারী সায়ন্তন, জিয়া, মাসউদ, নাবাইরশাহ ও নীলাস প্রত্যেকে এক হাজার মার্কিন ডলার করে অর্থ পুরস্কার লাভ করেন।

বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে বিশেষ পুরস্কার পান রাজীব সাত শত মার্কিন ডলার, নাসির পাঁচ শত ডলার, দেবরাজ চারশত ডলার, শাকিল ও তৈয়ব দুই শত মার্কিন ডলার করে অর্থ পুরস্কার লাভ করেন। বাংলাদেশসহ বিভিন্ন দেশের গ্র্যান্ড মাস্টার, আন্তর্জাতিক মাস্টার, আন্তর্জাতিক মহিলা মাস্টারসহ ৬২ জন খেলোয়াড় ৯ দিন ব্যাপী ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক গ্র্যান্ড মাস্টারস দাবা প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠান আজ (সোমবার) রাতে হোটেল শেরাটন ঢাকায় অনুষ্ঠিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল, এমপি।

এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ সভাপতি তরফদার মোঃ রুহুল আমিন, বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবউদ্দিন শামীম, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি ও বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক ড. শোয়েব রিয়াজ আলম ও আব্দুল মোনেম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাইনুদ্দিন মোনেম।

অধিকারবিডি/প্র.পা

শেয়ার করুন