ডেস্ক রিপোর্ট
২২ আগস্ট ২০২১, ৭:৩৬ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: আগামী সোমবার থেকে ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু হবে। রোববার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
জানানো হয়, কোভিড-১৯ অতিমারির কারণে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে শিক্ষার্থীদের শিখন কার্যক্রম চলছে। শিখন কার্যক্রমে অংশ নিতে ও ধারাবাহিক মূল্যায়নের আওতায় শিক্ষার্থীদের আনতে ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেয়া হয়েছে।
অ্যাসাইনমেন্টগুলো হলো- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, রসায়ন, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, ইসলাম শিক্ষা, শিশুর বিকাশ ও সংগীত বিষয়ের অ্যাসাইনমেন্ট মূল্যায়ন রুব্রিক্সসহ প্রণয়ন করা হয়েছে। ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট কার্যক্রম ২৩ আগস্ট, সোমবার থেকে শুরু হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করোনা মহামারির কারণে সরকার প্রদত্ত স্বাস্থ্যবিধি যথাযথভাবে পালনপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হলো। শিক্ষার্থী বা অভিভাবকরা শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত হয়ে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষকদের অ্যাসাইনমেন্ট দেওয়া ও জমা নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।