ডেস্ক রিপোর্ট
১৪ আগস্ট ২০২১, ১০:৫৭ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ময়মনসিংহগামী একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শনিবার (১৪ আগস্ট) রাত ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বৈলর বড়দিঘীরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন।
তিনি বলেন, ঘটনাস্থলে তিনজন ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আরও দু’জন মারা গেছেন। তবে, তাৎক্ষনিক নিহতদের নাম-ঠিকানা জানাতে পারেননি তিনি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ত্রিশালের বৈলর বড়দিঘীরপাড় এলাকায় একটি ট্রাক দাঁড়ানো ছিল। ঢাকা থেকে হালুয়াঘাটগামী ইমাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিন ব্যক্তি নিহত হন। আহত হন অন্তত ১৫ জন। পরে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে আরও দুজন মারা গেছেন।
এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, আহত ১৫ জনকে হাসপাতালে আনার পর আরও দুজন মারা গেছেন।
এ বিষয়ে ময়মনসিংহ জেলা ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার হেলিম মিয়া বলে, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।