ডেস্ক রিপোর্ট
৪ আগস্ট ২০২১, ৪:২৫ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: কঠোর স্বাস্থ্যবিধি মেনে সিএনজি অটোরিক্সা চালু করার দাবি জানিয়ে বাংলাদেশ সিএনজি অটোরিক্সা চালক সংগ্রাম পরিষদ।
আজ বুধবার (০৪ আগস্ট ২০২১) বাংলাদেশ সিএনজি অটোরিক্সা চালক সংগ্রাম পরিষদের আহ্বায়ক শেখ হানিফ এবং যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, এ আর জাহাঙ্গীর, ফালা ও মোঃ গোলাপ হোসেন যুক্ত বিবৃতিতে বলেন, দেশে সাম্প্রতিক সময়ে ডেল্টা ভ্যারিয়েন্টসহ বিভিন্ন ধরনের করোনা সংক্রামণ ও মৃত্যুহার বৃদ্ধি পাওয়ায় সরকার সারাদেশে কঠোর বিধিনিষেধ আরোপের নামে কার্যত লকডাউন কার্যকর রেখেছে। ঈদের এক সপ্তাহ বাদ দিলে গত এক মাসের বেশি সময় সরকার সিএনজি অটোরিক্সা সড়কে চলাচল বন্ধ করে দিয়েছে। এতে শুধুমাত্র ঢাকা মেট্রোতেই প্রায় ৫০ হাজার চালক বেকার হয়ে পড়েছেন। চালকরা দিন আনে দিন খায়। তাও আবার অর্ধাহারে-অনাহারে থাকতে হয়। আর্থিক অনটনের কারণে অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করতে পারেন না। বর্তমানে সিএনজি অটোরিক্সা চালকদের বড় দুর্দিন চলছে।
বিবৃতিতে বলেন, এক্ষেত্রে সরকারেরও কোনো কার্যকর আর্থিক প্রণোদনাও নেই। সিএনজি অটোরিক্সা মূলত ব্যক্তিগত ব্যবহার্য যানবাহন, তাই সিএনজি ব্যবহারে করোনায় সংক্রমণের সম্ভাবনা খুবই কম। বর্তমান লকডাউনে যেহেতু গার্মেন্টসহ শিল্প কলকারখানা, আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক-বীমা, হাসপাতাল ও জরুরী পণ্য সেবা প্রতিষ্ঠান খোলা সেহেতু এসকল প্রতিষ্ঠানের কর্মরত লোকজন গণপরিবহন বন্ধ থাকায় কর্মস্থলে যাতায়াতে ভোগান্তি শিকার হতে হচ্ছে।
তাছাড়া কোডিভ আক্রান্ত রোগীদের পরিবহন স্বল্পতার কারণে তার স্বজনেরা দ্রুত হাসপাতালে নিতে পারছে না। এতে মৃত্যুহার আরো বৃদ্ধি পাচ্ছে। গত বছরের সাধারণ ছুটির সময় সিএনজি অটোরিক্সা চালকরা অনেক করোনায় আক্রান্তদের বিনা পারিশ্রমিকে হাসপাতালে ও তাদের ঠিকানায় পৌছে দিয়েছেন। সরকার যদি এবারও কঠোর স্বাস্থ্যবিধি মানা স্বাপেক্ষে সিএনজি অটোরিক্সা চালানো অনুমতি দেয় তাহলে জনগণ যেমন সেবা পাবে তেমনি অসহায় সিএনজি চালকরাও পরিবার-পরিজন নিয়ে বেঁচে থাকতে পারবে। তাই সারাদেশের সিএনজি চালক ও তার পরিবারকে রক্ষার্থে ৫ আগষ্টের মধ্যে কঠোর স্বাস্থ্যবিধি মেনে সিএনজি অটোরিক্সা চালুর জোর দাবি জানাচ্ছি। অন্যথায় আগামী ৬ আগষ্ট সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।