ডেস্ক রিপোর্ট
২২ জুলাই ২০২৫, ১১:১৭ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: সারাদেশে শিক্ষার্থীদের উপর রাষ্ট্রীয় বাহিনীর হামলা-নিপীড়ন, মাইলস্টোন শিক্ষার্থী মৃত্যুর সংখ্যা নিয়ে গড়িমসির নিন্দা জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ ও সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন সংবাদ পত্রে দেওয়া যৌথ বিবৃতিতে বলেন, গতকাল উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা নিয়ে ইতিমধ্যে জনমনে সংশয় তৈরি হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের দায়িত্বহীন আচারণের কারণে শিক্ষার্থীদের মধ্যেও এমন আশংকা তৈরি হয়েছে যার ফলে আজকে সকাল থেকে শিক্ষার্থীরা রাস্তায় নেমে প্রতিবাদ করে। মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাস সংলগ্ন এলাকায় প্রতিবাদরত শিক্ষার্থীদের উপর যৌথবাহিনীর বল প্রয়োগ আমরা অবলোকন করেছি।
শিক্ষার্থীদের এমন নির্মম মৃত্যু সারাদেশের মানুষকে শোকাহত করেছে। এইচএসসি পরিক্ষার্থীসহ শিক্ষানুরাগীরা দাবি তুলেছিলো আজকের পরিক্ষা স্থগিতের। মধ্যরাতে পরিক্ষা স্থগিত করার কারণে শিক্ষার্থীরা আজকে সচিবালয়ের সামনে অবস্থান করেন শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবিতে। বিক্ষোভরত এই শিক্ষার্থীদের উপরও রাষ্ট্রীয় যৌথ বাহিনী ন্যাক্কারজনক হামলা চালায়।
নেতৃবৃন্দ আরও বলেন, অনতিবিলম্বে যথাযথ প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিহত-আহতের সংখ্যাসহ অবস্থার সামগ্রিক তথ্য উপস্থাপন করতে হবে। সারাদেশে শিক্ষার্থীদের প্রতিবাদ-বিক্ষোভ দমনে রাষ্ট্রীয় বাহিনীর হামলা ও নিপীড়নের সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে।