ডেস্ক রিপোর্ট
৭ জুলাই ২০২৫, ৮:২৬ অপরাহ্ণ
অধিকার ডেস্ক : সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি মুক্তা বাড়ৈ ও সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন আজ সোমবার সংবাদপত্রে দেওয়া এক যৌথ বিবৃতিতে গণ-অভ্যুত্থানের আকাঙ্খাকে ধারণ করে এবং সকল শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে মাসব্যাপী সারাদেশে নানাবিধ কর্মসূচি পালন করার ঘোষণা করেন।
নেতৃবৃন্দ বলেন ঘটনাবহুল জুলাইয়ের একেকটা দিন যেন লড়াইয়ে অন্যন্য দলিল। এই গণঅভ্যুত্থান এক দুর্দমনীয় শক্তির অভাবনীয় প্রকাশ। অভুতপূর্ব এই গণ-অভ্যুত্থানের মাধ্যমেই কর্তৃত্ববাদী স্বৈরাচারী শাসকের পতন হয়েছে। যার মূল কারিগর এদেশের ছাত্র-শ্রমিক-নারী-জনতা। সেই সংগ্রামের আকাঙ্খাকে সমুন্নত রাখতে মাসব্যাপী নানাবিধ কর্মসূচি পালন করবে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। সকল কর্মসূচি সফল করতে সারাদেশে সংগঠনের নেতা-কর্মী ও দেশের সকল ছাত্র-জনতাকে অংশগ্রহণ ও সহযোগিতার আহ্বান জানান তারা।
কর্মসূচিসমূহ নিম্নে দেওয়া হলো :-
১. ১৫ জুলাই ২০২৪ ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে তৎকালীন ফ্যাসিবাদী সরকারের পেটোয়া বাহিনী ছাত্রলীগসহ অন্যান্য ঠ্যাঙ্গারে বাহিনী কর্তৃক শিক্ষার্থীদের উপর বর্বর হামলা নির্যাতন চালানো হয়। ঐ উপলক্ষে ঐ দিনটিকে রাষ্ট্রীয় নিপীড়ন বিরোধী দিবস পালন করা হবে। ঐ দিন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, কলেজে, জেলায় সমাবেশ ও মিছিল।
২. ১৬ জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধসহ জুলাইয়ের সকল শহীদদের স্মরণে শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপন ও প্রদীপ প্রজ্বলন করা হবে এবং মুক্তির মন্দির সোপানতলে গান সম্মিলিত কণ্ঠে গাওয়া হবে।
৩. ১৮ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস উপলক্ষে ঢাকায় শাহবাগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমাবেশ। জেলায়ও অনুরূপ কর্মসূচি বা ঘরোয়া আলোচনা অনুষ্ঠিত হবে।
৪. ২৬ জুলাই সাংস্কৃতিক কর্মী ও বামপন্থীদের কারফিউ ভঙ্গ দিবস পালন উপলক্ষে সারাদেশে জুলাইয়ের আকাঙ্খা বাস্তবায়ন, জুলাই হত্যাকাণ্ডের বিচার, সারাদেশে মব সন্ত্রাস, নারী নির্যাতন, সাম্প্রদায়িক সহিংসতা রোধে সভা-সমাবেশ-মিছিল অনুষ্ঠিত হবে।
৫. কেন্দ্রীয়ভাবে ৩০ জুলাই ‘জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিঃ ছাত্র জনতার আকাঙ্খার পথে হাঁটছে কি বাংলাদেশ?’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।
৬. মাসব্যাপী সারাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও এলাকায় জুলাই গণ-অভ্যুত্থানের আলোকচিত্র প্রদর্শনী, ডকুমেন্টারি প্রদর্শনী, দেয়াল পত্রিকা, শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করাসহ বিভিন্ন কর্মসূচি করা হবে।
৭. সারাদেশ জুড়ে জুলাই মাসব্যাপি শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ কর্মসূচি পালন করা হবে।
৮. জুলাইয়ের গান, কবিতা, প্রবন্ধ, শর্ট ফিল্ম এই চার ক্যাটাগরিতে সারা দেশে প্রতিযোগিতার আয়োজন করা হবে এবং সংগৃহীত-নির্বাচিত গান, কবিতা, প্রবন্ধ নিয়ে জুলাই অভ্যুত্থান স্মারক গ্রন্থ প্রকাশ এবং শর্ট ফিল্ম প্রদর্শনী করা হবে।