ডেস্ক রিপোর্ট
৭ জুন ২০২৪, ১০:২২ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: গণবিরোধী ও শিক্ষাস্বার্থ পরিপন্থী ২০২৪-২৫ অর্থবছরের বাজেট প্রতাখ্যান করে আজ ৭ জুন, শুক্রবার সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, কেন্দ্রীয় কমিটির আহ্বানে তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ। কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সুস্মিতা মরিয়ম ও সাংগঠনিক সম্পাদক সুহাইল আহমেদ শুভ।
সমাবেশ থেকে বক্তারা বলেন, মোট ৭ লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ করা হয়েছে মাত্র ৯৪ হাজার ৭১০ কোটি টাকা, যা বাজেটের মাত্র ১১.৮৮ শতাংশ। শিক্ষাখাতে জাতীয় বাজেটের ২৫ শতাংশ বরাদ্দের দীর্ঘদিনের দাবিকে বরাবরের ন্যায় উপেক্ষা করে যে গতানুগতিক বাজেট প্রস্তাব করা হয়েছে তা শিক্ষার স্বার্থকে ধারণ করে না। অপ্রতুল বাজেট নতুন জ্ঞান সৃষ্টি, সার্বিক শিক্ষা ব্যবস্থা পরিচালনায় বাধা হয়ে দাঁড়িয়ে আছে।
শুধু শিক্ষা নয়, শ্রমিক-কৃষক সর্বপরি সাধারণ জনগণের স্বার্থকে উপেক্ষা করা হয়েছে বাজেটে। অস্বাভাবিক মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়েও বাজেটে নেই কোনো পরিকল্পনা।
সমাবেশ থেকে নেতৃবৃন্দ অনতিবিলম্বে সংশোধিত বাজেটে শিক্ষা খাতে ২৫ শতাংশ বরাদ্দ ও শ্রমিক-কৃষক আপামর জণগণের স্বার্থে গণমূখী বাজেট প্রণয়নের দাবি জানিয়েছেন।