ডেস্ক রিপোর্ট
৫ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৫ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতা মুস্তাফিজুর রহমান খান ও তার সহযোগী কর্তৃক সংঘটিত গণধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
গণধর্ষণের সাথে জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সালমান সিদ্দিকী ও সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ একটি যুক্ত বিবৃতি প্রদান করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “ছাত্রলীগ নেতা মুস্তাফিজুর রহমান খান ও তার সহযোগীদের দ্বারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংঘটিত গণধর্ষণের ঘটনা সারাদেশের বিবেকবান মানুষকে ক্ষুব্ধ এবং স্তম্ভিত করেছে। শুধুমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নয়, এরপূর্বেও বিভিন্ন ক্যাম্পাসে দফায় দফায় ছাত্রলীগ নেতাদের দ্বারা ধর্ষণ—গণধর্ষণের মতো ঘটনা সংঘটিত হয়েছে। কিন্তু প্রায় কোন ক্ষেত্রেই বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি। উল্টো সরকার, বিচারব্যবস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রশাসন তাদের আশ্রয়—প্রশ্রয় দিয়েছে।”
নেতৃবৃন্দ বলেন, “ফ্যাসিবাদী আওয়ামী সরকার গায়ের জোরে ক্ষমতায় বসে সমস্ত ধরণের গণতান্ত্রিক প্রথা—প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনগুলোর নেতা—কর্মীদের মধ্যে এ মনোভাব কাজ করছে— ‘আমরা যাই করি, আমাদের কিছু হবে না’। ফলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মত একটি প্রতিষ্ঠানে এমন ন্যাক্কারজনক ঘটনা সংঘটিত হতে পারলো।
নেতৃবৃন্দ আরো বলেন, আমরা অবিলম্বে এই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি। এবং একইসাথে আমরা বলতে চাই শুধুমাত্র ধিক্কার জানানো বা নিন্দা জানানোর মধ্যে দিয়ে ধর্ষণ, গণধর্ষণের মতো ঘটনাগুলো বন্ধ হবে না। বরং যে পুঁজিবাদী ক্ষমতাকাঠামো, নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি ও রাজনৈতিক সংস্কৃতি ধর্ষক তৈরি করে তার বিরুদ্ধেও আন্দোলন গড়ে তুলতে হবে।”