ডেস্ক রিপোর্ট

২৭ ডিসেম্বর ২০২৩, ৯:৫০ অপরাহ্ণ

চট্টগ্রামে নেতা-কর্মীদের আটক ও লাঞ্চিত করায় বাম জোটের নিন্দা

আপডেট টাইম : ডিসেম্বর ২৭, ২০২৩ ৯:৫০ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ও বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাসদ (মার্কসবাদী) এর সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি’র সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টি’র নির্বাহী সভাপতি আব্দুল আলী আজ ২৭ ডিসেম্বর ২০২৩ সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে চট্টগ্রামের দেওয়ান হাট এলাকায় একতরফা নির্বাচন বর্জনের আহ্বান সম্বলিত লিফলেট বিতরণকালে বাসদ চট্টগ্রাম জেলা ইনচার্জ আল কাদেরী জয়, জেলা কমিটির সদস্য হেলাল উদ্দিন কবীর, আহম্মেদ জসিম, নাজিম উদ্দিন বাপ্পী ও মিরাজ উদ্দিনসহ নেতৃবৃন্দকে স্থানীয় ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীরা আটক করে রেখে লাঞ্চিত করা এবং ডবলমুরিং থানায় পুলিশে সোপর্দ করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বাম জোট নেতৃবৃন্দ বলেন, দেশে একটা প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত করতে যাচ্ছে সরকার। দেশের মানুষ এধরণের একতরফা নির্বাচনকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। বাম গণতান্ত্রিক জোটও সারা দেশে জনগণের প্রতি এই নির্বাচন বর্জনের আহবান জানিয়েছে। তারই অংশ হিসেবে আজ বাসদ নের্তৃবৃন্দ দেওয়ানহাট মোড়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ করছিলেন। কিন্তু স্বৈরাচারী সরকারের দলীয় গুণ্ডাবাহিনী এবং পেটোয়া পুলিশ বাহিনী তাদেরকে প্রথমে লাঞ্ছিত করে এবং পরবর্তীতে আটক করে থানায় নিয়ে যায়। যা সভা-সমাবেশ ও মতপ্রকাশের সাংবিধানিক অধিকার বিরোধী কাজ। কেউ যেমন নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এবং জনগণের কাছে ভোট চাইতে পারে; তেমনি কেউ আবার নির্বাচন বর্জনও করতে পারে এবং জনগণকে ভোট না দেয়ার আহ্বানও জানাতে পারে; ভোট চাওয়া এবং ভোট দিতে নিষেধ করা উভয়ই জনগণের সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার।

বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে প্রহসনের একতরফা নির্বাচন আয়োজন বাতিল করে সরকার পদত্যাগ করে নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনের আয়োজন করার আহ্বান জানান। একই সাথে আটককৃত বাসদ নেতা আলকাদেরী জয়, হেলাল, জসিম, মিরাজসহ নেতৃবৃন্দের অবিলম্বে মুক্তি এবং আওয়ামী সন্ত্রাসীদের শাস্তি দাবি করেন।

শেয়ার করুন