ডেস্ক রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০২৩, ৯:৫৬ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: সরকারের অধীনে নির্বাচন, দমন-পীড়ন, গ্রেফতার বন্ধ, পেঁয়াজসহ নিত্যপণ্যের মূল্য রোধের দাবিতে – বাম গণতান্ত্রিক জোট কেন্দ্র ঘোষিত দেশব্যাপি বিক্ষোভ কর্মসূচির অংশ হিসাবে বগুড়া জেলা শাখার উদ্যোগে আজ: ১৩ ডিসেম্বর’২৩ বিকাল: ৪:০০ টায় বগুড়া প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেণ বাম গণতান্ত্রিক জোট বগুড়া জেলা শাখার অন্যতম নেতা, বাসদ বগুড়া জেলার সদস্য সাইফুজ্জামান টুটুল।
বক্তব্য রাখেন সিপিবি জেলা সাধারণ সম্পাদক অমিনুল ফরিদ, বাসদ জেলা সদস্য সচিব অ্যাড. দিলরুবা নূরী, সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ বগুড়া জেলা সভাপতি তুহিন চৌধুরী। সমাবেশ সঞ্চালনা করেন সিপিবি সম্পাদক মণ্ডলীর সদস্য সাজেদুর রহমান ঝিলাম।
সমাবেশে বক্তারা বলেন, ‘ যখন আমাদের দেশের জনগণ সাজানো নির্বাচনে অংশগ্রহন করছে না, রাজনৈতিক দলগুলো এই নির্বাচন বাতিল চেয়ে আন্দোলন করছে, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবি করছে তখন সরকার প্রহসন করে নির্বাচন করার পাঁয়তারা করছে। ডামি প্রার্থীর নাটক সাজিয়ে নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দেখানোর ষড়যন্ত্র করছে। অন্যদিকে সিন্ডিকেট ও বাজারের উপরের সরকারের কোন নিয়ন্ত্রন না থাকায় নিত্য প্রয়োজনীয় প্রতিটি জিনিসের দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে। পেঁয়াজের বাজারে আবারো নৈরাজ্য, রাতারাতি জনগণের পকেট থেকে কোটি কোটি টাকা তুলে নিচ্ছে। দেশের জনগণ একতরফা এই প্রহসনের তফসিলের বিরুদ্ধে রায় দিয়েছে। নির্বাচন কমিশনের উচিত জনগণের রায়কে আমলে নিয়ে ঘোষিত অগণতান্ত্রিক তফসিল বাতিল করা এবং সরকারের উচিত অবিলম্বে পদত্যাগ করে নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা।
নেতৃবৃন্দ জনগণকে ভোট ও ভাতের অধিকার রক্ষার লড়াই যুক্ত হওয়ার আহ্বান জানান।