ডেস্ক রিপোর্ট
১০ ডিসেম্বর ২০২৩, ১০:০২ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: দেশে যে নিরব দুর্ভিক্ষ চলছে তার দায় বিরোধী দলের উপর দেয়া দুরভিসন্ধিমূলক মন্তব্য করে বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ বলেছেন, পেয়াজসহ দ্রব্য মূল্যের উর্ধগতি রোধে সরকার ব্যর্থ। নেতৃবৃন্দ অবিলম্বে সরকার পদত্যাগ করে নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনের আহ্বান জানান।
বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ বলেছেন-যখন ইতোমধ্যেই চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের সীমাহীন মূল্য বৃদ্ধির কারণে জনগণের নাভিশ্বাস অবস্থা তখন এক দিনের ব্যবধানে পেঁয়াজের দাম শতাধিক টাকা বেড়ে যাওয়ার কারণে জনগণ আরো দুর্বিষহ অবস্থায় পতিত হয়েছে। সরকার বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর কোন পদক্ষেপ না নেওয়ায় অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের দৌরাত্ম বেড়েই চলেছে। অথচ সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনার জন্য কোন কার্যকর উদ্যোগ না নিয়েই আগামীতে দুর্ভিক্ষ হবে এবং এই দুর্ভিক্ষের দায়-দায়িত্ব বিরোধী দলের কাঁধে চাপিয়ে দিয়েছে-যা দূরভিসন্ধিমূলক।
শুধু তাই নয়, আমদানির ক্ষেত্রে প্রধানত ভারতের উপর নির্ভরশীল হওয়ায় ভারত যা ইচ্ছা তাই করছে, আমাদেরকেও অতিরিক্ত মূল্যে আমদানিকৃত পণ্য কিনতে হচ্ছে।
নেতৃবৃন্দ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোসহ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং অবিলম্বে বর্তমান সরকারকে পদত্যাগ করে নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত করার আহ্বান জানান। আজ বিকেলে সিপিবি অফিসে অনুষ্ঠিত ‘বাম গণতান্ত্রিক জোট’ এর কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় নেতৃবৃন্দ এই বক্তব্য রাখেন ও আহ্বান জানান।
বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ এর সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন-বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাসদ (মার্কসবাদী)’র সমন্বয়ক মাসুদ রানা, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যাপক আবদুস সাত্তার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি’র সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টি’র নির্বাহী সভাপতি আব্দুল আলী, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি’র কেন্দ্রীয় সদস্য শহিদুল ইসলাম সবুজ, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য শামীম ইমাম ও বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির সহ-সম্পাদক রুবেল সিকদার।