ডেস্ক রিপোর্ট
২ ডিসেম্বর ২০২৩, ১০:৪০ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ আজ ২ ডিসেম্বর ২০২৩ সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে দৈনিক মানবজমিন পত্রিকায় ২ ডিসেম্বর ২০২৩ তারিখ শনিবার ‘জাতীয় সংসদ নির্বাচন’ স্বতন্ত্র প্রার্থী ৭৪৭, অংশ নিচ্ছে না যে সব নিবন্ধিত দল শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন।
নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) মোঃ শরিফুল আলম এর বরাত দিয়ে বলা হয়েছে ৩০টি নিবন্ধিত রাজনৈতিক দলের প্রার্থী রয়েছে। যার মধ্যে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর মই মার্কারও একজন প্রার্থী রয়েছে বলে উল্লেখ করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
বিবৃতিতে কমরেড ফিরোজ বলেন, বর্তমান নির্বাচন কমিশনের প্রতি এমনিতেই দেশবাসীর কোন আস্থা নেই। সরকারের অনুগত কমিশনের ঘোষিত প্রহসনের নির্বাচনে বেশি সংখ্যক নিবন্ধিত দল অংশ নিয়েছে তা দেখানোর জন্যই বাসদের মই মার্কারও ১ জন প্রার্থী রয়েছে বলে মিথ্যা-ভিত্তিহীন তথ্য গণমাধ্যমে পাঠানোর মধ্য দিয়ে কমিশনের দেউলিয়াত্ব ও জালিয়াতির নমুনা আবারও জনসম্মুখে উন্মোচিত হলো।
বিবৃতিতে তিনি নির্বাচন কমিশনের এহেন প্রতারণামূলক কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে সংশোধনী প্রেরণ ও দায়িত্বহীন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সাথে সংশ্লিষ্ট দলের সাথে যোগাযোগ না করে কমিশনের দেয়া মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে এ ধরনের একটি সংবেদনশীল বিষয়ে জনপ্রিয় গণমাধ্যমে সংবাদ প্রকাশেরও উদ্বেগ প্রকাশ করে কমরেড ফিরোজ বলেন বাসদ দেশের রাজনীতিতে একটি ক্রিয়াশীল রাজনৈতিক দল এবং বাম গণতান্ত্রিক জোটের অন্যতম শরীক দল হিসেবে শুরু থেকেই দলীয় সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার কথা ঘোষণা করেছে এবং নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছে। এবং একতরফা নির্বাচনী তফসিল ঘোষণার পর তা প্রত্যাখ্যান করে হরতাল পালন করে আন্দোলন বিক্ষোভ অব্যাহত রেখেছে।
বিবৃতিতে কমরেড ফিরোজ আমাদের প্রতিবাদটি যথাস্থানে ছেপে দেশবাসীকে সঠিক তথ্য জানানোর জন্য অনুরোধ জানিয়েছেন।