ডেস্ক রিপোর্ট
৭ অক্টোবর ২০২৩, ৭:৩৮ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: আওয়ামী সরকারের পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন,দ্রব্যমূল্যের উর্ধগতি প্রতিরোধ এবং দূর্নীতি,লুটপাট, পাচারকৃত টাকা উদ্ধার ও বিচারের দাবিতে আজ চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আজ ৭ অক্টোবর,২০২৩ বিকাল ৪ টা হতে ৬টা পর্যন্ত অবস্থান কর্মসূচী পালন করেছে বাম গণতান্ত্রিক জোট চট্টগ্রাম জেলা শাখা।
বাম গণতান্ত্রিক জোট চট্টগ্রাম জেলা সমন্বয়ক ও বাসদ(মার্কসবাদী) চট্টগ্রাম জেলা সদস্যসচিব শফি উদ্দিন কবির আবিদের সভাপতিত্বে গণঅবস্থান কর্মসূচী চলাকালীন সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাহাঙ্গীর,বাসদ জেলা ইনচার্জ আল কাদেরি জয়,বাসদ(মার্কসবাদী) জেলা কমিটির সদস্য জাহেদুন্নবী কনক,গণমুক্তি ইউনিয়ন জেলা সভাপতি কমরেড রাজা মিঞা, সিপিবি দক্ষিণ জেলা সভাপতি অধ্যাপক কানাইলাল দাশ,ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলা সাধারণ সম্পাদক শ্রমিক নেতা মসিউদ্দৌলা,গণতান্ত্রিক আইনজীবি সমিতির নেতা এড আকবর মাহমুদ,ক্ষেতমজুর ও কৃষক সমিতির নেতা ফরিদুল ইসলাম,সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা আহবায়ক হেলালউদ্দিন কবির,সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নগর সভাপতি দীপা মজুমদার,কৃষক ফ্রন্ট নেতা আকরাম হোসেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নগর সভাপতি মিরাজ উদ্দিন।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন সিপিবি জেলা সভাপতি কমরেড অশোক সাহা।
বক্তারা বলেন,আওয়ামীলীগের অধীনে ন্যূনতম সুষ্ঠু নির্বাচন হবে বলে জনগণ বিশ্বাস করেনা।কিন্তু আওয়ামীলীগ আবারো যেনতেনভাবে ক্ষমতায় যেতে আরেকটি সাজানো নির্বাচন অনুষ্ঠানের সমস্ত আয়োজন সম্পন্ন করেছে,যা জনগণের সাথে চূড়ান্ত প্রহসন ছাড়া কিছুই নয়।জনগণ এ প্রহসনের নির্বাচন কোনভাবেই মেনে নেবেনা।দলীয় সরকারের অধীনে নীলনকশার নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে,জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে।
নেতৃবৃন্দ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের উচ্ছেদ,দলনিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচন, দ্রব্যমূল্যের উর্ধগতি প্রতিরোধ এবং দূর্নীতি,লুটপাট, পাচারকৃত টাকা উদ্ধার ও বিচারের দাবিতে গণআন্দোলন শক্তিশালী করার আহবান জানান।