ডেস্ক রিপোর্ট
১৪ আগস্ট ২০২৩, ৭:৫৯ অপরাহ্ণ
বগুড়া প্রতিনিধি: বগুড়ায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সরকারি আজিজুল হক কলেজ শাখার উদ্যোগে কলেজ শাখার সদস্য সচিব নিয়তি সরকার নিতুর সভাপতিত্বে এবং কলেজ শাখার সংগঠক তীর্থ চাকীর সঞ্চালনায় বিপ্লবী ক্ষুদিরাম বসুর ফাঁসি দিবস উপলক্ষে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ সোমবার, ১৪ আগস্ট বেলা সাড়ে ১১ টায় কলেজের বাণিজ্য ভবনে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাসদ জেলা সদস্য সচিব দিলরুবা নূরী, ছাত্র ফ্রন্ট জেলা শাখার আহ্বায়ক ধনঞ্জয় বর্মন, কলেজ শাখার সংগঠক লক্ষণ চন্দ্র বর্মন প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, বৃটিশ উপনিবেশিক শাসনের যাতাকলে ভারত বর্ষের মানুষ শোষিত, নির্যাতিত হচ্ছিলেন। তারই বিরুদ্ধে এক অপ্রতিরোধ্য শক্তি ছিলেন বিপ্লবী ক্ষুদিরাম বসু। আজ এতগুলো বছর পরও স্বাধীন বাংলাদেশের শাসন আইন বৃটিশদের সেই ধারা বজায় রেখে চলছে। ভোটের অধিকার খুইয়ে গণতন্ত্রহীন ফ্যাসিবাদী রাষ্ট্রীয় ব্যবস্থা আজ চলমান। দুর্নীতি, লুটপাট, খুন, গুম, নারী নির্যাতন, ধর্ষণ, চাঁদাবাজী সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। শিক্ষার বাণিজ্যিকীকরণ আজ শিক্ষার উদ্দেশ্য করা হয়েছে। শিক্ষাকে বহুধারায় বিভক্ত করে, শিক্ষার মৌলিক বিষয়কে উপেক্ষা করে ধর্মীয় কূপমুন্ডক শিক্ষাকে বিস্তৃত করছে।
নেতৃবৃন্দ বলেন, ক্রমাগত ফি বৃদ্ধি করা হচ্ছে, শিক্ষা উপকরণের দাম ২/৩ গুণ বেড়েছে, বাজেটে বরাদ্দ কমছে। বাজারের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রে দামের তুলনায় মানুষের আয় ক্রমাগত কমছে। দেশের নাগরিক সমস্যার কথা বলতে গিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে জেল খাটছেন। এক গভীর অন্ধকারে সমাজ ব্যবস্থায় দেশ নিমজ্জিত। এ থেকে পরিত্রাণ পেতে বিপ্লবী ক্ষুদিরাম বসুর আলোচনা খুবই প্রাসঙ্গিক। আজকে তরুণ যুবকদেরকে বিপ্লবী ক্ষুদিরাম বসুর দেশপ্রেমের শিক্ষায়, বিপ্লবের পথে শোষণ মুক্তির শিক্ষায় দীক্ষিত করার বিকল্প নেই।