ডেস্ক রিপোর্ট
১৭ জুলাই ২০২৩, ১০:৫৩ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রিয় পরিচালনা পরিষদের সমন্বয়ক এবং বাসদ (মার্কসবাদী)-র সমন্বয়ক কমরেড মাসুদ রানা, বাম জোটের কেন্দ্রীয় নেতা ও সিপিবি-র সভাপতি মো: শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী প্রমুখ নেতৃবৃন্দ যশোরের অভয় নগরে বিপ্লবী কমিউনিস্ট লীগের সমাবেশে ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।
এক যৌথ বিবৃতিতে বলেন, “আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ, দ্রব্যমূল্য ও জনজীবনের সংকট নিরসন, দুর্নীতি-লুটপাট বন্ধসহ ৯ দফা দাবিতে বিপ্লবী কমিউনিস্ট লীগ-এর দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ ১৭ জুলাই ‘২৩ যশোর জেলার অভয়নগরে সকাল ১১টায় পার্টির সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদের উপস্থিতিতে সমাবেশ ও পদযাত্রা চলাকালিন সময়ে ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র, লোহার রড ও লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীরা উপস্থিত নেতৃবৃন্দকে অকথ্য ভাষায় গালিগালাজ ও লাঞ্ছিত করে। হামলায় পার্টির স্থানীয় নেতা সাধন বিশ্বাসসহ বেশ কয়েকজন আহত হন।”
বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে যুবলীগ, ছাত্রলীগসহ এই হামলার সাথে যুক্ত সন্ত্রাসীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।