ডেস্ক রিপোর্ট

২ জুলাই ২০২৩, ১১:০৪ অপরাহ্ণ

বিটিএসের অনুসারীরা সবচেয়ে অনুগত: জরিপ

আপডেট টাইম : জুলাই ২, ২০২৩ ১১:০৪ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক : প্রিয় শিল্পীকে দেখতে তাঁর অনুসারীরা কতটা পথ পাড়ি দেবেন ও কত অর্থ খরচ করবেন—এমন দুই প্রশ্নে এক জরিপ চালিয়েছে যুক্তরাষ্ট্রের একটি ভ্রমণবিষয়ক ওয়েবসাইট। পপ তারকা মাইকেল জ্যাকসন, এলটন জন ও লেডি গাগার মতো শিল্পীদের অনুসারীদের পেছনে ফেলে আনুগত্যের সূচকে প্রথম হয়েছেন বিটিএসের অনুসারীরা। খবর কোরীয় বার্তা সংস্থা ইয়োনহ্যাপের

যুক্তরাষ্ট্রের ৩ হাজার ২০০ সংগীত অনুসারীর মধ্যে জরিপটি চালানো হয়েছে এবং আজ রোববার জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে।

ওয়েবসাইটটির আনুগত্যের সূচকে ১০০ পয়েন্টের মধ্যে সর্বোচ্চ ৮৮ দশমিক ৪ পয়েন্ট পেয়ে তালিকার শীর্ষে রয়েছেন বিটিএসের সদস্যরা। বিটিএসের সদস্যদের দেখতে ব্যান্ডটির অনুসারীরা ২ হাজার ৪০ মাইল ভ্রমণ করতে পারেন বলে জরিপে উঠে এসেছে।

অনুসারীদের আনুগত্যের সূচকে বিটিএসের পরে রয়েছেন পপ তারকা মাইকেল জ্যাকসন, তাঁর অনুসারীরা আনুগত্যের সূচকে ৭৬ দশমিক ৮ পয়েন্ট পেয়েছেন। এরপর এলটন জন পেয়েছেন ৬৬ দশমিক ৪ ও লেডি গাগা পেয়েছেন ৬৩ দশমিক ৩ পয়েন্ট।

বিশ্বজুড়ে আলোচিত কোরীয় ব্যান্ড বিটিএসের অনুসারীরা ‘আর্মি’ নামে পরিচিত। ব্রাজিল থেকে যুক্তরাষ্ট্র, বাংলাদেশ থেকে দক্ষিণ আফ্রিকা—বিশ্বজুড়ে ছড়িয়ে রয়েছেন বিটিএসের অনুসারীরা। ব্যান্ডটির কনসার্ট দেখতে বিটিএস আর্মিরা এক শহর থেকে আরেক শহরে ছুটে বেড়ান।

বিটিএসের দশম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে প্রায় ৪ লাখ বিটিএস আর্মি জড়ো হয়েছিলেন। এর মধ্যে ৮০ শতাংশের বেশি অনুসারী দক্ষিণ কোরিয়ার বাইরে থেকে গিয়েছিলেন।

বিটিএস থেকে সদস্যরা বিরতি নেওয়ার প্রায় এক বছর পর গত জুনে ‘টেক টু’ শিরোনামে একটি দলীয় গান নিয়ে ফিরেছে ব্যান্ডটি। গানটির প্রযোজনা করেছেন সুগা, সুর বেঁধেছেন আরএম ও জে-হোপ। তাঁরা ছাড়াও বাকি সদস্যরা গানের সঙ্গেই রয়েছেন।

গত সোমবার সিউলের ইয়োইদো হানগাং পার্কে বিটিএসের দলনেতা আরএমের পোস্টার হাতে নুসরাত তুলি
গত বছর জুনে প্রকাশিত অ্যান্থলজি অ্যালবাম ‘প্রুফ’-এ শেষবারের মতো বিটিএসকে পাওয়া গেছে। একই মাসে জিমিন, জে-হোপরা একক ক্যারিয়ারে মনোযোগ দিতে বিটিএসের কার্যক্রম স্থগিত ঘোষণা করেছিলেন।

শেয়ার করুন