ডেস্ক রিপোর্ট

২৭ এপ্রিল ২০২৩, ৫:৫৪ অপরাহ্ণ

২৯ ও ৩০ এপ্রিল শিলচরে বরাক-সুরমা নাট্যোৎসব, থাকছে ঢাকা-সিলেটের দল

আপডেট টাইম : এপ্রিল ২৭, ২০২৩ ৫:৫৪ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: আগামী ২৯ ও ৩০ এপ্রিল শিলচর বঙ্গভবনে আজকের প্রজন্ম থিয়েটার ও রেস থিয়েটারের যৌথ উদ্যোগে আয়োজিত হচ্ছে বরাক- সুরমা নাট্যোৎসবের বরাক পর্ব। উৎসব সহযোগী হিসেবে রয়েছে হাইলাকান্দির বিবর্তন থিয়েটার গ্রুপও। এই নাট্যোৎসবে যোগ দিতে বাংলাদেশের এক বড়সড় শিল্পী দল শুক্রবার শিলচর পৌঁছচ্ছে।

এতে থাকছেন বাংলাদেশের বিখ্যাত দল ঢাকার প্রাঙ্গণেমোর ও সিলেটের কথাকলি। স্থানীয় দু’টি দলও তাদের প্রযোজনা মঞ্চস্থ করবে। নাটকগুলি দেখতে উদগ্রীব নাট্যমহল। উৎসব সফল করে তুলতে এরই মধ্যে আহ্বান রেখেছেন চিত্রভানু ভৌমিক, শেখর দেবরায়, নিখিল পাল, শান্তনু পাল, সুব্রত রায় শম্ভুর মতো সুপরিচিত নাট্যজনেরা।

শনিবার সন্ধেয় উদ্বোধনী পর্বে মুখ্য অতিথি হিসেবে থাকবেন গুয়াহাটির বাংলাদেশ সহকারী হাইকমিশনার রুহুল আমিন। এছাড়া শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও দুই দেশের বিশিষ্টজনেদের উপস্থিত থাকার কথা রয়েছে। আয়োজক কমিটির আহ্বায়ক ইন্দ্রনীল দে জানান, প্রথমদিন নাটক পরিবেশন করবে কথাকলি সিলেট ও রেস থিয়েটার। পরের দিন, অর্থাৎ রবিবার থাকবে ঢাকার প্রাঙ্গণেমোর ও শিলচর কালচারাল ইউনিট তাদের নাটক মঞ্চস্থ করবে। নাট্যোৎসবকে সফল করে তুলতে বর্ষীয়ান নাট্যকর্মী চিত্রভানু ভৌমিক এক বার্তায় বলেছেন, ‘থিয়েটার পরব আয়োজন করে এরই মধ্যে সাড়া ফেলেছে আজকের প্রজন্ম ও রেস।

এবার তারা আয়োজন করছে বরাক- সুরমার বরাক পর্ব। এই উৎসবে ভাল ভাল নাটক দেখার আশায় রয়েছি।’ শিলচর কালচারাল ইউনিটের প্রতিষ্ঠাতা সদস্য তথা সুপরিচিত নাট্যকর্মী শেখর দেবরায় বলেন, “দারুণ সুযোগ নাট্যকর্মীদের জন্য। শহর শিলচর এখন নির্দ্বিধায় নাটকের শহর। আমার দৃঢ় বিশ্বাস দর্শকরা হল ভর্তি করে নাটক দেখতে আসবেন।”

ভাবীকালের নাট্য নির্দেশক শান্তনু পাল বলেন, যত বেশি নাট্য উৎসব হবে, ততবেশি সমৃদ্ধ হব আমরা। দেখে-দেখেই তো শেখা হয়। আমি ও আমার দলের সব্বাই এই উৎসবে অংশ নেব। আহ্বান জানাবো তরুণ প্রজন্মের নাট্যকর্মীদেরও। শুধু এই উৎসব কেন, প্রতিটি নাট্য আয়োজনেই আপনারা শামিল হোন ।

সুব্রত রায় শম্ভু বলেন, ‘বরাক- সুরমা নাট্যোৎসবের সূচনা লগ্ন থেকেই জড়িত আছি। এরই মধ্যে সিলেটে এর দু’টি আয়োজনেই গণসুর উপস্থিত হয়েছিল। বেশ কয়টি প্রযোজনা আমরা উপহারও দিয়েছি। ফলে, এবার বরাকপর্ব নিয়েও আমাদের উৎসাহের শেষ নেই। দারুণ কিছু অপেক্ষা করছে নাট্যপ্রেমীদের জন্য। রূপমের সাধারণ সম্পাদক তথা সুপরিচিত নাট্য সংগঠক নিখিল পাল বলেন, শহরে আবার নাট্য উৎসব, এটা দারুণ খবর। এই আয়োজন স্থানীয় নাট্যচর্চায় গতি এনে দিতে সক্ষম হবে নিশ্চিতই।’

শেয়ার করুন