ডেস্ক রিপোর্ট
২৯ মার্চ ২০২৩, ৫:৫৮ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ আজ ২৯ মার্চ ২০২৩ সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে প্রথম আলোর সাংবাদিক সামছুজ্জামান সামসকে গভীর রাতে বিনা ওয়ারেন্টে সাভারের নিজ বাসা থেকে সিআইড পরিচয়ে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং অবিলম্বে সামস এর নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।
বিবৃতিতে তিনি বলেন, বর্তমান সরকার জনগণের সাংবিধানিক অধিকার বাক স্বাধীনতাকে চ‚ড়ান্তভাবে হরণ করেছে। সরকার সামান্য সমালোচনাকেও সহ্য করছে না।
বিচার বহির্ভূত হত্যা, আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে মৃত্যু, বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করে নাগরিকের জীবনকে চরম নিরাপত্তাহীন করে তুলেছে বর্তমান আওয়ামী ফ্যাসিবাদী সরকার।
সম্প্রতি র্যাব কর্তৃক সোনারগাও এ আবুল কাসেমকে গুলি করে হত্যা, নওগাঁয় র্যাব হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যু, সিআইডি পরিচয়ে সাংবাদিক সামসকে বাসা থেকে তুলে নেয়া, পুলিশ প্রধান ও সিআইডি প্রধানের সামসের তুলে নেয়ার ঘটনা বেমালুম অস্বীকার করা সবই আওয়ামী ফ্যাসিবাদী শাসনের নগ্ন প্রকাশ। এ সকল ঘটনা আকছার ঘটে চলেছে যার কোন প্রতিকার হচ্ছে না।
বিবৃতিতে কমরেড ফিরোজ অবিলম্বে বিচার বহির্ভূত হত্যা, রাষ্ট্রীয় বাহিনীর হেফাজতে মৃত্যু, বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। একই সাথে জনগণের সাংবিধানিক মৌলিক গণতান্ত্রিক ও মানবাধিকার রক্ষা ও নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সকল বাম-প্রগতিশীল গণতান্ত্রিক রাজনৈতিক দল, ব্যক্তি ও গোষ্ঠীকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।