ডেস্ক রিপোর্ট
২৯ মার্চ ২০২৩, ৭:০৫ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সংবিধানের বাইরে তত্ত্বাবধায়ক সরকারে ফেরা সম্ভব নয়। বিএনপি যতই তত্ত্বাবধায়ক সরকারের দিবাস্বপ্ন দেখুক না কেন, তা কখনো পূরণ হবে না।
আজ বুধবার দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলনকক্ষে এ মতবিনিময় হয়।
নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারে আর ফিরতে পারব না আমরা। ইউরোপীয় ইউনিয়নসহ সবাই চায়, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক। অবশ্যই সংবিধান মেনে নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে।’
বিএনপি নির্বাচনে আসবে কি না, জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা (বিএনপি) নির্বাচনে আসুক বা না আসুক, তা নিয়ে উদ্বেগের কিছু নেই। কারণ, সংবিধান মেনেই নির্বাচন করা হবে। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে নষ্ট করেছে বিএনপি। এখন আর তার প্রয়োজন নেই।
জনগণ বিএনপিকে পছন্দ করে না বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, যদি আন্দোলনে জনগণের অংশগ্রহণ থাকত, তাহলে গণ-অভ্যুত্থান না হলেও গণ-আন্দোলন হতো। কিন্তু যা হচ্ছে, তা তাদের নেতা-কর্মীদের আন্দোলন।
জাতীয় সংসদ নির্বাচনসংক্রান্ত আইন ‘গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ’ সংশোধনী প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, মন্ত্রিসভায় আরপিও সংশোধনের বিষয়ে নীতিগত অনুমোদন হয়েছে। চূড়ান্ত হয়নি। আইন মন্ত্রণালয়ে এখন ভেটিং হবে। চূড়ান্ত অনুমোদনের আগে ফলাও করে বলার সুযোগ নেই।
সড়ক দুর্ঘটনা নিয়ে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশ ভারতে প্রতি মিনিটে কত মানুষ মারা যায়? ২০ জন মারা গেছেন সৌদিতে। সড়কে দুর্ঘটনার কারণে কোনো মন্ত্রণালয় ব্যর্থ, এমন বলা ঠিক নয়।
দ্রব্যমূল্য নিয়ে ওবায়দুল কাদের বলেন, ভোগ্যপণ্যের দাম কমছে। ধীরে ধীরে আরও কমবে। বাংলাদেশের উন্নয়ন হচ্ছে বলেই বিশ্বের বহু দেশ বাংলাদেশের প্রশংসা করছে। নিত্যপণ্যের দাম বাড়ছে সত্যি, তারপরও বিশ্বের বহু দেশের তুলনায় বাংলাদেশ এখনো ভালো আছে।