ডেস্ক রিপোর্ট

২৮ মার্চ ২০২৩, ১১:৩৩ অপরাহ্ণ

র‌্যাব হেফাজতে মৃত্যুর সাথে জড়িতদের শাস্তি দাবি নারীমুক্তি কেন্দ্রের

আপডেট টাইম : মার্চ ২৮, ২০২৩ ১১:৩৩ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: র‌্যাব হেফাজতে নওগাঁর সুলতানা জেসমিনের মৃত্যুর সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তি দাবি বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের।

বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত ও সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী এক যুক্ত বিবৃতিতে নওগাঁ সদর উপজেলার চণ্ডীপুর ইউনিয়ন ভূমি অফিস সহকারী পদে কর্মরত সুলতানা জেসমিনের র‌্যাব হেফাজতে মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন এবং ঘটনার সাথে যুক্তদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নেতৃবৃন্দ বলেন, সুলতানা জেসমিন সরকারি কর্মচারী ছিলেন। তাঁর বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে বিধিসম্মত ভাবেই তার প্রতিকার করা যেত। কিন্তু র‌্যাব তা না করে তাঁকে রাস্তা থেকে গাড়ীতে তুলে নেয় এবং নির্যাতন করে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করায়। হাসপাতালে স্বজনরা দেখা করতে এলে কথা বলতে না দেয়া, ডাক্তারের ভাষ্যমতে মাথায় আঘাতের চিহ্ন এবং পোস্টমর্টেম রিপোর্টে মস্তিষ্কে অতিরিক্ত রক্ত ক্ষরণ এসব প্রমাণ করে এটা একটা হত্যাকাণ্ড। র‌্যাবের বিচার বহিভূর্ত হত্যাকাণ্ড বহুল আলোচিত। গত ১৮ মার্চও নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে র‌্যাবের গুলিতে আবুল কাসেম নামের একজন ব্যক্তির মৃত্যু হয়। এ নিয়ে জনমনে উদ্বেগ—উৎকন্ঠা, নিরাপত্তাহীনতা বেড়েই চলেছে। ফলে এই ঘটনাগুলির সুষ্ঠু তদন্ত হওয়া জরুরী।

নেতৃবৃন্দ সুলতানা জেসমিনের সন্তান ও পরিবারের অন্যান্য সদস্যদের নিরাপত্তারও দাবি জানান।

শেয়ার করুন