ডেস্ক রিপোর্ট

৮ মার্চ ২০২৩, ১১:২৭ অপরাহ্ণ

বিএনপি-জামায়াত সারা দেশে নাশকতার ছক এঁকেছে: তথ্যমন্ত্রী

আপডেট টাইম : মার্চ ৮, ২০২৩ ১১:২৭ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিএনপি-জামায়াত সারা দেশে নাশকতার ছক এঁকেছে। তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ যুব মহিলা লীগ আয়োজিত ‘আঁধার ভাঙার শপথে আলোক প্রজ্বালন’ কর্মসূচিতে হাছান মাহমুদ এ কথা বলেন। বুধবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

হাছান মাহমুদ বলেন, ‘আমি মা-বোনসহ সবাইকে সর্তক দৃষ্টি রাখার অনুরোধ জানাই, বিএনপি-জামায়াত সারা দেশে নাশকতা সৃষ্টি করার ছক এঁকেছে। তার আলামত শুরু হয়ে গেছে। তাদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। নারীদের বলব, আপনারা এগিয়ে যান, দেশকে এগিয়ে নিয়ে যান। আপনাদের হাত ধরে দেশ এগিয়ে যাবে। আমাদের দেশ বঙ্গবন্ধুর স্বপ্নের ঠিকানায় পৌঁছাবে।’

পঞ্চগড়ে আহমদিয়াদের ওপর হামলার ঘটনা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা সেখানে হামলা পরিচালনা করেছে। আবার কাল নাকি বিএনপির নেতৃত্বে একটি টিম সেখানে যাচ্ছে। নিজেরাই মেরে আবার দরদ দেখানোর জন্য সেখানে যাচ্ছে। প্রকৃতপক্ষে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার উদ্দেশ্যে পঞ্চগড়ের ঘটনা ঘটানো হয়েছে।

বাংলাদেশের নারীরা রাজনৈতিক ক্ষমতায়নে বিশ্বে পঞ্চম

দেশে নারী উন্নয়ন নিয়ে হাছান মাহমুদ বলেন, শেখ হাসিনার নেতৃত্বে পৃথিবীকে চমকে দিয়ে বাংলাদেশের নারী সমাজ উন্নতি লাভ করেছে। নারী সমাজ সর্বক্ষেত্রে তাদের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রাখছে। বৈশ্বিক সূচকে বাংলাদেশের নারীরা রাজনৈতিক ক্ষমতায়নের দিক দিয়ে বিশ্বে পঞ্চম, এশিয়া-ওশেনিয়া অঞ্চলে দ্বিতীয়, আর উপমহাদেশে প্রথম।

তথ্যমন্ত্রী বলেন, আজকে বাংলাদেশে প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী, সংসদ নেতা, সংসদ উপনেতা ও শিক্ষামন্ত্রী নারী। এভাবে নারীর যে ক্ষমতায়ন বাংলাদেশে হয়েছে, পৃথিবীর আর কোনো দেশে গত এক দশকে এভাবে হয়নি।

হাছান মাহমুদ বলেন, ‘নারী ফুটবল দল পাকিস্তানকে ১২ গোল দিয়েছে, সার্ক শিরোপা জয় করেছে। আমাদের নারী ক্রিকেট দল চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু পুরুষ ক্রিকেট দল পারেনি। সাম্প্রতিক সময়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় নারীদের ফল ভালো। প্রধানমন্ত্রীর নারীবান্ধব নীতি প্রণয়ন ও নানামুখী কর্মসূচির কারণে এটি সম্ভব হয়েছে।’

যুব মহিলা লীগ সভাপতি ডেইজি সারওয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানা কর্মসূচি সঞ্চালনা করেন।

শেয়ার করুন