ডেস্ক রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৩, ৩:৩৯ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: একুশে ফেব্রুয়ারী ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গত ২১ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল ৭টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ, কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক আল মামুন, সহ-সভাপতি শাহীন মাতুব্বর, মুহাম্মদ নূর আলম সরদার, ইমন মিয়া, আতিকুর রহমান, জয়নাল আবেদীন জনিসহ প্রমুখ নেতৃবৃন্দ।
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সংগঠন সাধারণ সম্পাদক আল মামুন বলেন, “২১ ফেব্রুয়ারী ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাঙ্গালি জাতির জীবনে শোকাবহ, গৌরবোজ্জ্বল, অহংকারে মহিমান্বিত চিরভাস্বর এই দিনটি।
১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ছিল দীর্ঘদিনের ঔপনিবেশিক প্রভুত্ব ও পাকিস্তানের দুঃশাসন-শোষণের বিরুদ্ধে বাঙালির প্রথম প্রতিরোধ এবং জাতীয় চেতনার প্রথম উন্মেষ। সেদিন মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল রফিক, জব্বার, সালাম, বরকত ও সফিউররা। পৃথিবীর ইতিহাসে মাতৃভাষার জন্য রাজপথে বুকের রক্ত ঢেলে দেয়ার প্রথম নজির এটি। সেদিন তাঁদের রক্তের বিনিময়ে শৃঙ্খলযুক্ত হয়েছিল দুঃখিনী বর্ণমালা ও মায়ের ভাষা। আর এর মাধ্যমে বাঙালি জাতিসত্তা বিকাশের যে সংগ্রামের সূচনা হয়েছিল তা মুক্তিযুদ্ধের গৌরবময় পথ বেয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের মধ্য দিয়ে চূড়ান্ত পরিণতি লাভ করে। একুশে ফেব্রুয়ারি তাই বাঙালির কাছে চির প্রেরণার প্রতীকে পরিণত হয়েছে। একুশের প্রথম প্রহর থেকেই জাতি কৃতজ্ঞ চিত্তে ভাষা শহীদদের স্মরণ করছে। হৃদয়ের সবটুকু আবেগ ঢেলে দিয়ে সবার কণ্ঠে বাজে একুশের অমর শোকসঙ্গীত- ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি ………………….। একুশ মানে মাথা নত না করা। একুশের শপথ হোক, সাম্প্রদায়িক ও মৌলবাদী অপশক্তি নিপাত যাক। ভাষা শহীদদের চেতনা ও আদর্শ প্রতিটি বাঙ্গালি আজীবন হৃদয়ে ধারণ ও লালন করে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।”