ডেস্ক রিপোর্ট

৫ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৫৪ অপরাহ্ণ

ছাত্র নেতা আলভী ও সানির মুক্তির দাবীতে সিলেটে বিক্ষোভ সমাবেশ

আপডেট টাইম : ফেব্রুয়ারি ৫, ২০২৩ ১০:৫৪ অপরাহ্ণ

শেয়ার করুন

সিলেট প্রতিনিধি: সকল বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার বিধান পুন:র্বহালের দাবিতে চলমান আন্দোলনের প্রধান দুই সংগঠক আলভী মাহমুদ ও মোহাম্মদ সানির নিঃশর্ত মুক্তির দাবীতে গণতান্ত্রিক ছাত্র জোট সিলেট জেলার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

আজ রোববার (০৫ ফেব্রুয়ারি ২০২৩) বিকাল ৪ টা ৩০ মিনিটে সিলেট সিটি পয়েন্ট বন্দরবাজারে গণতান্ত্রিক ছাত্র জোট সিলেট জেলা সমন্বয়ক, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট নগর সভাপতি সঞ্জয় দাসের সভাপতিত্ব ও গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সাধারণ সম্পাদক তানজিনা বেগমের সঞ্চালনায় বক্তব্য রাখেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেট জেলা সভাপতি বিশ্বজিৎ শীল,বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের নেতা মোঃশাহীনুর রহমান,সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট নেতা মিসবা খান, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আয়েশা আক্তার প্রমূখ।

বক্তারা বলেন,বিশ্ববিদ্যালয়ে ২য় বার ভর্তি পরীক্ষার বিধান পুনর্বহালের দাবিতে ছাত্রদের চলমান গণতান্ত্রিক আন্দোলন দমন করতে একের পর এক আক্রমণ চালাচ্ছে প্রশাসন। গত ২৩ জানুয়ারি সেকেন্ড টাইমের দাবিতে প্রেসক্লাবে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে হামলা চালায় পুলিশ।ন্যাক্কারজনক এই সব হামলা নির্যাতনের মুখেও শিক্ষার্থীরা তাদের আন্দোলন অব্যহত রাখে। এর পর ২৮ তারিখে আলভী মাহমুদ ও মোহাম্মদ সানিকে আলোচনার কথা বলে থানায় ডেকে আটকে রেখে ছাত্রলীগ ও ছাত্র অধিকার পরিষদের এক বছর আগের এক মারামারির মামলায় গ্রেফতার দেখানো হয়। সেই থেকে জামিন না দিয়ে দুই শিক্ষার্থীকে জেলে আটকে রাখা হয়েছে, এই স্পষ্টত মানবাধিকার লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়ে অনতিবিলম্বে দুই ছাত্র নেতার মুক্তির দাবী করেন বক্তারা।

বক্তারা আরও বলেন, যেখানে উচ্চশিক্ষা গ্রহনের কোনো বয়সই থাকা উচিত না সেখানে এভাবে একবারের বেশি ভর্তি পরীক্ষায় বসতে না দেয়াটা উচ্চশিক্ষার মর্মবস্তুর সাথে সাংঘর্ষিক। অনতিবিলম্বে ঢাবিসহ সকল বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার বিধান চালু করতে হবে এবং মিথ্যা মামলায় আটককৃত দুই ছাত্র নেতার নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় শিক্ষার্থীদের নায্য অধিকার ফিরে পেতে, মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় দেশব্যাপী দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। সমাবেশ শেষে একটি মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষীন করে জিন্দাবাজার পয়েন্টে এসে শেষ হয়।

শেয়ার করুন