ডেস্ক রিপোর্ট

৪ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০২ পূর্বাহ্ণ

‘শেখ হাসিনার সরকার ইস্পাতের সরকার, হাত দিলে হাত কেটে যাবে’

আপডেট টাইম : ফেব্রুয়ারি ৪, ২০২৩ ১২:০২ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিএনপি-জামায়াত জোট বড় বড় কথা বলে, মিছিল–মিটিং করে। তাদের শুধু ক্ষমতা দরকার, আর কিছুর দরকার নেই। ক্ষমতায় এলে কী করবে, তা বলে না। শেখ হাসিনার সরকারকে তারা ধাক্কা দিয়ে ফেলে দেবে? শেখ হাসিনার সরকার এত ভঙ্গুর নয়, শেখ হাসিনার সরকার ইস্পাতের সরকার, এখানে হাত দিলে হাত কেটে যাবে। শেখ হাসিনার সরকার জনগণের কাজ করে, তাই শেখ হাসিনার সরকার জনগণের সরকার।

আজ শুক্রবার দুপুরে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে বিনা মূল্যে চোখের ছানি অস্ত্রোপচার ও চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ‘শেখ হাসিনার রাজনীতি হচ্ছে মানুষের সেবা ও দেশের উন্নয়ন করা। বিরোধী রাজনৈতিক দল বিএনপির রাজনীতি আমরা দেখেছি। আপনারা জানেন, ওনাদের রাজনীতি হচ্ছে গ্রেনেড হামলা। আমরা মানুষের চোখের ছানি দূর করি, অপারেশন করি, মানুষের আলো ফিরিয়ে দিই। আর বিএনপির গ্রেনেড হামলায় বহু মানুষের চোখ উঠে গেছে। তারা মানুষের চোখের আলো ছিনিয়ে নেয়, জীবন ছিনিয়ে নেয়। বোমা হামলা তাদের রাজনীতি। তারা সাড়ে তিন হাজার মানুষকে পুড়িয়ে মেরেছিল। হাজার হাজার মানুষ অগ্নিদগ্ধ হয়েছিল।’

বিভাগীয় শহরেও জটিল রোগের চিকিৎসা নিশ্চিতে সরকার উদ্যোগ নিয়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশের আটটি বিভাগীয় শহরে আটটি বিশেষ হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। এখানে কিডনি, ক্যানসার ও হৃদ্‌রোগের চিকিৎসা হবে। এসব রোগের জন্য আর যাতে দেশের বাইরে যেতে না হয়। এ ছাড়া বিভাগীয় শহরে আটটি বার্ন হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। করোনার টিকাদানে সারা বিশ্বে বাংলাদেশ পঞ্চম হলেও লোকসংখ্যা বিবেচনায় বাংলাদেশ প্রথম বলে মন্তব্য করেন মন্ত্রী।

ন্যাশনাল আই কেয়ার লাইনের পরিচালক চিকিৎসক গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ আবদুল লতিফ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সালাম, পৌর মেয়র রমজান আলী, সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মজিদ, কর্নেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ জাকির হোসেন, মানিকগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. বাহাউদ্দিন, মানিকগঞ্জ ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান প্রমুখ।

শেয়ার করুন