ডেস্ক রিপোর্ট
১১ জানুয়ারি ২০২৩, ৩:৩৬ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুরে কভার্ডভ্যান চাপায় আহত শ্রমিককে কারখানা পক্ষ চিকিৎসার ব্যবস্থা না দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করছে শ্রমিকরা। এ সময় তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। হাইওয়ে ও শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। বুধবার (১১ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে ভবানীপুর এলাকার আর অ্যান্ড জি (বিডি) গার্মেন্টস কোম্পানি লিমিটেডের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বেলা আড়াইটা পর্যন্ত মহাসড়কের দুপাশে যান চলাচল বন্ধ রয়েছে। আহত শ্রমিক জুয়েল (২২) আর অ্যান্ড জি (বিডি) গার্মেন্টস কোম্পানি লিমিটেড অপারেটর পদে কর্মরত ছিলেন।
কারখানার শ্রমিক রাতুল, ইসমাইল ও সজিব জানায়, বুধবার দুপুরে কারখানায় শ্রমিকদের খাবারের বিরতি হয়। এ সময় কারখানার শ্রমিক জুয়েল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি কভার্ডভ্যান তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। জুয়েল আহতাবস্থায় মহাসড়কের ওপর পড়ে ছিল। এ সময় অন্যান্য শ্রমিকরা কারখানার কর্তৃপক্ষের কাছে আহত শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার অনুরোধ করেন। কর্তৃপক্ষ কর্ণপাত না করায় শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। তবে আহত শ্রমিকদের সর্বশেষ শারিরিক অবস্থা কেউ জানাতে পারেনি।
এ বিষয়ে নাওজোর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, মহাসড়ক অবরোধের খবরে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। তারা শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।
অবরোধের বিষয়ে আর অ্যান্ড জি (বিডি) গার্মেন্টস কোম্পানি লিমিটেডের কোনো কর্মকর্তা গণমাধ্যমে কথা বলতে রাজি হননি।