ডেস্ক রিপোর্ট

৫ জানুয়ারি ২০২৩, ১২:১২ পূর্বাহ্ণ

জনতার আদালতে সব জুলুমকারীর বিচার হবে: রুহুল কুদ্দুস তালুকদার

আপডেট টাইম : জানুয়ারি ৫, ২০২৩ ১২:১২ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার ওরফে দুলু বলেছেন, আওয়ামী লীগ সরকারের অত্যাচারের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সব জুলুমকারীর জনতার আদালতে বিচার করা হবে। আজ বুধবার দুপুর ১২টার দিকে নওগাঁ শহরের পিএম বালিকা উচ্চবিদ্যালয় মাঠে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। বিএনপির ১০ দফা দাবি ও রাষ্ট্র মেরামতের ২৭ দফা রূপরেখা বিষয়ে ব্যাখ্যা ও বিশ্লেষণ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে নওগাঁ জেলা বিএনপি।

সভায় রুহুল কুদ্দুস তালুকদার বলেন, ‘এতদিন যাঁরা অত্যাচার করেছে, যতই আমরা সংস্কারের কথা বলি না কেন, তাঁদের কি মাফ করা যাবে? বাংলার মানুষ তাঁদের মাফ করবেন না। জনতার আদালতে আজকের সরকারপ্রধান শেখ হাসিনাসহ সেসব জুলুমকারীর বিচার করা হবে।’ তিনি বলেন, ‘আজকে যাঁরা আমার কর্মীদের অত্যাচার করেছেন, যাঁরা আমার হাত ভেঙে দিয়েছেন, মাথা ফাটিয়েছেন, আমার ছেলেদের গুলি করে হত্যা করেছেন, তাঁদের কোনো মাফ হবে না। তাঁদের বিচার জনতার আদালতে আমরা করতে চাই। কেউ ছাড় পাবেন না।’

পুলিশ সদস্যদের উদ্দেশে সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার বলেন, ‘আপনারা জনতার সঙ্গে থাকুন। এ দেশের ৯৫ শতাংশ মানুষ এই সরকারের বিরুদ্ধে। আপনারা ভোট দিয়ে গতবার আওয়ামী লীগকে অবৈধভাবে ক্ষমতায় বসিয়েছেন। এ দেশের জনগণ আর এই অবৈধ সরকারকে চায় না। আপনারা দয়া করে আর এই অবৈধ সরকারকে সহযোগিতা করবেন না। গত ১৫ বছরে যে সমস্ত পুলিশ সদস্য সততার সঙ্গে কাজ করার জন্য এবং আওয়ামী লীগ না করার জন্য চাকরি চলে গিয়েছে, তাঁদের চাকরি ফেরত দেওয়া হবে। ক্ষতিপূরণসহ যোগ্যতা অনুযায়ী তাদের মূল্যায়ন করা হবে।’

সভায় উপস্থিত নেতা-কর্মীদের সামনে বিএনপি ঘোষিত ১০ দফা দাবি ও রাষ্ট্র মেরামতের রূপরেখা ২৭ দফা উপস্থাপন করে রুহুল কুদ্দুস তালুকদার বলেন, জনগণের মতামত নিয়েই বিএনপি ১০ দফা কর্মসূচি প্রণয়ন করেছে। এতে দেশের মানুষের মতামতের প্রতিফলন ঘটেছে। পরপর অবৈধভাবে ক্ষমতায় এসে এই সরকার রাষ্ট্রের সব অঙ্গকে কলুষিত করেছে, বিতর্কিত করে ফেলেছে। তাই রাষ্ট্রকে মেরামত করার জন্য বিএনপি ২৭ দফার রূপরেখা ঘোষণা করেছে। ২৭ দফার রূপরেখা বাস্তবায়নের মধ্য দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে।

জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান। সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্যসচিব বায়েজিদ হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সহসমবায়বিষয়ক সম্পাদক ও নওগাঁ পৌরসভার মেয়র নজমুল হক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, শেখ রেজাউল ইসলাম, মামুনুর রহমান, শফিউল আজম প্রমুখ।

শেয়ার করুন