ডেস্ক রিপোর্ট
২৫ নভেম্বর ২০২২, ১২:৩০ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক: অবিশ্বাস্য অনন্য এক কীর্তির মালিক হলেন ৫ বারের ব্যালন ডি অর জয়ী পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ঘানার বিপক্ষে ম্যাচের ৬৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে পাঁচটি বিশ্বকাপে গোল করার নজির গড়লেন তিনি। ে
এর আগে ফুটবলের সর্বোচ্চ মঞ্চের চারটি আসরে খেলেছেন রোনালদো। ১৭ ম্যাচে ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড করেছেন ৭ গোল। সবগুলোই এসেছে প্রথম রাউন্ডে।
জার্মানিতে ২০০৬ সালের বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েছিলেন রোনালদো। ইরানের বিপক্ষে পেনাল্টি থেকে বিশ্বকাপে নিজের প্রথম গোল পান রোনালদো। তখন তার বয়স ছিল মাত্র ২১ বছর ১৩২ দিন।
পরের বিশ্বকাপে গ্রুপ পর্বে উত্তর কোরিয়ার বিপক্ষে একটি গোল করেন রোনালদো। এরপর ২০১৪ সালেও একবার নিশানা ভেদ করেন তিনি। গ্রুপ পর্বের ওই ম্যাচেও পর্তুগিজদের প্রতিপক্ষ ছিল ঘানা।
২০১৮ রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্বেও আলো ছড়ান রোনালদো। স্পেনের সঙ্গে পর্তুগালের ৩-৩ ব্যবধানে ড্রয়ে দলের সবকটি গোল করেন। এতে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে হ্যাট্রিকের রেকর্ড গড়েন তিনি।