ডেস্ক রিপোর্ট

১৭ অক্টোবর ২০২২, ৫:০৬ অপরাহ্ণ

পুরো অক্টোবর জুড়ে মহড়া চলবে: ন্যাটো

আপডেট টাইম : অক্টোবর ১৭, ২০২২ ৫:০৬ অপরাহ্ণ

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক:: ইউক্রেনে বিপর্যয়ের মুখে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পারমাণবিক হামলার হুমকির জেরে সৃষ্ট তুমুল উত্তেজনার পর নিয়মিত পারমাণবিক প্রতিরোধ মহড়া শুরু করেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। সোমবার পশ্চিম ইউরোপে শুরু হওয়া এই মহড়া পুরো অক্টোবর জুড়ে চলবে বলে জানিয়েছে ন্যাটো।

তবে ৩০ দেশের এই সামরিক জোট জোর দিয়ে বলেছে, ন্যাটোর নিয়মিত এবং পুনরাবৃত্তিমূলক প্রশিক্ষণ কার্যক্রম আগামী ৩০ অক্টোবর পর্যন্ত চলবে। মস্কো ইউক্রেন আক্রমণ করার আগেই এই মহড়ার পরিকল্পনা করা হয়েছিল এবং বর্তমান পরিস্থিতির সাথে এর কোনও সংশ্লিষ্টতা নেই।

মহড়ায় দূরপাল্লার মার্কিন বি-৫২ বোমারু বিমান এবং ৬০টির বেশি যুদ্ধবিমান অংশ নেবে। মহড়া চলাকালীন বেলজিয়াম, যুক্তরাজ্য এবং উত্তর সাগরের আকাশজুড়ে এসব বিমান নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করবে।

ইউক্রেনে রুশ সৈন্যদের বিপর্যয়ের কারণে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পারমাণবিক তর্জন-গর্জন বৃদ্ধি পেলেও মহড়া বাতিলের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ।

গত সপ্তাহে ন্যাটোর এই মহাসচিব বলেছেন, আমরা যদি এখন হঠাৎ করে ইউক্রেন যুদ্ধের কারণে একটি নিয়মিত, দীর্ঘ-সময়ের পরিকল্পিত মহড়া বাতিল করি, তাহলে সেটি অত্যন্ত ভুল সংকেত পাঠাবে।

‘আমাদের বুঝতে হবে ন্যাটোর দৃঢ়, অনুমেয় আচরণ, আমাদের সামরিক শক্তিই উত্তেজনা প্রতিরোধের সর্বোত্তম উপায়।’

ন্যাটো বলেছে, ক্রেমলিনের কঠোর ভাষার ব্যবহার সত্ত্বেও রাশিয়ার পারমাণবিক দৃষ্টিভঙ্গিতে কোনও ধরনের পরিবর্তন দেখা যায়নি। তবে আমরা সতর্ক রয়েছি, বলেছেন স্টলটেনবার্গ।

সূত্র: এএফপি।

শেয়ার করুন