ডেস্ক রিপোর্ট
৭ অক্টোবর ২০২২, ১১:২২ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক:: পজিশন পাল্টালেও ব্যাট হাসছে লিটন দাসের। সংযুক্ত আরব আমিরাতের পর পাকিস্তানের বিপক্ষেও ওয়ান ডাউনে খেলে সাফল্য পেলেন তিনি। তবে ব্যর্থ হয়েছেন মোসাদ্দেক হোসেন। রানের খাতাই খুলতে পারেননি তিনি।
আজ (শুক্রবার) ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৭ রান করেছে পাকিস্তান। সেই লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের স্কোর ১৪ ওভারে ৫ উইকেটে ৯৯ রান।
এশিয়া কাপে ছিলেন না লিটন। চোট কাটিয়ে সংযুক্ত আরব আমিরাতের সিরিজ ফিরেছিলেন চেনা রূপে। পাকিস্তানের বিপক্ষেও ভালো শুরু পেয়েছিলেন তিনি। তবে হায়দার আলীর হাতে ক্যাচ হওয়ায় ৩৫ রানে থামতে হয় তাকে। মোহাম্মদ নওয়াজের বলে ফেরার আগে ২৬ বলের ইনিংসে লিটন মেরেছেন ৪ বাউন্ডারি ও ১ ছক্কা।
লিটন ফেরার পরের বলেই আবার উইকেট হারায় বাংলাদেশ। ক্রিজে আসা মোসাদ্দেক মুখোমুখি প্রথম বলে এলবিডব্লিউ হলে হ্যাটট্রিকের সম্ভাবনা জেগেছিল নওয়াজের। সেটি না হলেও চাপে পড়ে যায় বাংলাদেশ।
মিরাজের পর সাব্বিরের বিদায়
ওপেনিংয়ে মেহেদী হাসান মিরাজ ও সাব্বির রহমানের ওপরই আস্থা রেখেছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে তাদের শুরুটা মন্দ ছিল না। তবে এই জুটি বেশিদূর যেতে পারেনি। মিরাজের বিদায়ে জুটি ভাঙার পর বিদায় নিয়েছেন সাব্বিরও।
ওপেনিং জুটি থেকে ২৫ রান পেয়েছে বাংলাদেশ। মিরাজকে ফিরিয়ে জুটি ভাঙেন মোহাম্মদ ওয়াসিম। আগের ওভারে হারিস রউফের বলে ছক্কা হাঁকিয়ে অন্যরকম ইঙ্গিত দিয়েছিলেন মিরাজ। ওয়াসিমের বলও সীমানা ছাড়া করতে চেয়েছিলেন তিনি। তবে ব্যাটে-বলে ঠিকঠাক হয়নি। পুল করতে গিয়ে ডিপ স্কয়ার লেগে ধরা পড়েন আসিফ আলীর হাতে। ফেরার আগে মিরাজ ১১ বলে ১ ছক্কায় করেন ১০ রান।
সঙ্গীকে হারিয়ে সাব্বিরও টিকতে পারেননি। রউফের করা পরের ওভারেই ফিরে যান প্যাভিলিয়নে। এই পেসার নিজের বলে নিজেই ক্যাচ নিয়ে বিদায় করেন সাব্বিরকে। ডানহাতি ব্যাটার ১৮ বলে ১ বাউন্ডারিতে করেন ১৪ রান। তাতে ৩৭ রানে বাংলাদেশ হারায় ২ উইকেট।
পাকিস্তানের রান ১৬৭
টপ অর্ডারের তিনজনকে ছাড়া পাকিস্তানের আর কোনও ব্যাটারকে বাড়তে দেয়নি বাংলাদেশ। তাতেও অবশ্য রানের লাগাম টানতে পারেনি। ওপেনিংয়ে আবারও মোহাম্মদ রিজওয়ান দাঁড়িয়ে যাওয়ায় কঠিন পথই পাড়ি দিতে হবে বাংলাদেশকে। জয়ের জন্য লাল-সবুজ জার্সিধারীদের চাই ১৬৮ রান।
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে রিজওয়ানের অপরাজিত ৭৮ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে পাকিস্তান করেছে ৫ উইকেটে ১৬৭ রান।
ব্যাটে বসন্ত চলছে রিজওয়ানের। টি-টোয়েন্টি ফরম্যাটে অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন এই ব্যাটার। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে রানের বৃষ্টি ঝরিয়ে নিউজিল্যান্ডে গিয়েও চলছে তার দাপট। তার অপরাজিত হাফসেঞ্চুরিতেই লড়াই করার মতো স্কোর গড়েছে পাকিস্তান। পাকিস্তানের স্কোর সমৃদ্ধ করার পথে রিজওয়ান ৫০ বলে খেলেছেন হার না মানা ৭৮ রানের ইনিংস। যাতে ছিল ৭ বাউন্ডারির সঙ্গে ২ ছক্কার মার। তার সঙ্গে ইনিংস শেষ করা মোহাম্মদ নওয়াজ ৫ বলে ১ ছক্কায় অপরাজিত ছিলেন ৮ রানে।
এর আগে হায়দার আলীর ব্যাট থেকে আসে ৩১ রান। অধিনায়ক বাবর আজম করেন ২২ রান। তাদের বাইরে দুই অঙ্কের ঘর ছুঁয়েছেন ইফতিখার আহমেদ (১৩)।
বোলিংয়ে আলো ছড়িয়েছেন তাসকিন আহমেদ। প্রথম ওভারে মাত্র ১ রান খরচ করা এই পেসারের শেষটাও হয়েছেন দারুণ। সব মিলিয়ে ৪ ওভারে ২৫ রান দিয়ে তার শিকার ২ উইকেট। নাসুম আহমেদও সফল। বাঁহাতি স্পিনার ৪ ওভারে ২২ রান দিয়ে নেন ১ উইকেট। তার মতো একটি করে উইকেট পেয়েছেন মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ।