ডেস্ক রিপোর্ট

১ অক্টোবর ২০২২, ২:২২ অপরাহ্ণ

আগুনে পুড়িয়ে মোর্শেদাকে হত্যার বিচারের দাবিতে বগুড়ায় সমাবেশ

আপডেট টাইম : অক্টোবর ১, ২০২২ ২:২২ অপরাহ্ণ

শেয়ার করুন

বগুড়া প্রতিনিধি:: সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলা শাখার সদস্য মোর্শেদা আক্তার সাথীকে আগুনে পুড়িয়ে হত্যা করার প্রতিবাদে এবং হত্যাকারীদের বিচারের দাবিতে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বগুড়া জেলার উদ্যোগে বগুড়ার সাতমাথায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।

সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বগুড়া জেলা সভাপতি অ্যাড. দিলরুবা নূরী। বক্তব্য রাখেন বাসদ জেলা সাবেক সদস্য সচিব, বর্তমান সদস্য সাইফুজ্জামান টুটুল, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম জেলা সাধারণ সম্পাদক তাহমিনা আক্তার অ্যানি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি ধনঞ্জয় বর্মন, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম জেলা সদস্য চামেলি খাতুন প্রমুখ।

সভাপতির বক্তব্যে অ্যাড. দিলরুবা নূরী বলেন, ’আমাদের দেশে প্রায় ৮৭ ভাগ নারী স্বামীর দ্বারা নির্যাতনের শিকার হয়। কিন্তু সেই তুলনায় বিচার প্রার্থী নারীর সংখ্যা খুব কম। একজন নারী নির্যাতিত হলেও সর্বোচ্চ চেষ্টা করে সংসার টিকিয়ে রাখার কারণ বিচার চাইলে সংসারটা টিকবে না, তখন ঐ নারী কোথায় যাবে, কি খাবে, কাজ পাবে কি পাবে না তার কোনো নিশ্চয়তা নাই। নাই কোন প্রকার নিরাপত্তা। ফলে নীরবে নির্যাতন সহ্য করে যায়। অল্প কিছু সংখ্যাক নারী বিচার পেতে আদালতের সরণাপন্ন হয়। তাদেরই একজন ছিল সমাজতান্ত্রিক মহিলা ফোরাম জেলা সদস্য মোর্শেদা আক্তার সাথী। তিনি তার পারিবারিক নির্যাতনের বিচার চাইতে একটি মামলা করেছিলেন। এই মামলা করার কারণে তাকে আগুনে পুড়িয়ে মারা হলো। মোর্শেদা বাঁচবার জন্য আদালতের সরণাপন্ন হয়েছিল, কিন্ত সেই মোর্শেদা বিচার পাইনি তাকে বরং বিচার চাওয়ার কারণে হত্যার শিকার হতে হয়েছে। এই বিচারহীনতার অপসংস্কৃতি বহমান থাকায়, রাষ্ট্রে এখন নারীর প্রতি অধ:স্তন মনোভাব থাকায় নারীদের অসহায়ত্ব বাড়ছে এবং নির্যাতন ভয়াবহ রুপ নিচ্ছে।’

বাসদ নেতা সাইফুজ্জামান টুটুল বলেন, ’ রাষ্ট্রের নারীর প্রতি পিতৃতান্ত্রিক মানসিকতা এবং নারীকে পুরুষের অধীনতায় রাখবার ফলে, নারী-পুরুষের সমানভাবে বাঁচবার জায়গা বন্ধ হয়ে গেছে। নারী প্রতিমুহুর্তে নিরাপত্তাহীনতায় ভুগছে। এর জন্য রাষ্ট্রকেই উদ্যোগ নিতে হবে, নারীদের মানুষের মত বেঁচে থাকার নিশ্চয়তা দিতে হবে।’ তিনি অবিলম্বে মোর্শেদা হত্যার বিচার করার দাবি জানায়।

অন্যান্য নেতৃবৃন্দ বলেন, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলা শাখার সদস্য মোর্শেদা আক্তার সাথীকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। মোর্শেদা আক্তার গত ৫ মাস হলো বাসদের সাথে যুক্ত হয়েছেন। দীর্ঘদিন ধরে তার স্বামীসহ শ্বশুরবাড়ির লোকেরা তাকে নির্যাতন করে আসছিল। এ বিষয়ে তিনি নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেছেন যার নম্বর ৩৩৯/২২। এই মামলা করায় ক্ষুব্ধ হয়ে গত ২৩ সেপ্টেম্বর সকাল ১১টায় মোর্শেদা আক্তারকে তার ননদ লুনাসহ ৩ জন মিলে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এই নৃশংস অগ্নিকান্ডে মোর্শেদার মুখমন্ডল, বুক, পেট, শ্বাসনালীসহ শরীরের ৩০ শতাংশ পুড়ে যায়। পরে আসামীরা মোর্শেদাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ফেলে রেখে চলে যায়। উন্নত চিকিৎসার জন্য মোর্শেদাকে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে রেফার করা হয়। এরপর শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটের আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন। গতকাল ৩০ সেপ্টেম্বর তার মৃত্যু ঘটে।

নেতৃবৃন্দ এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে বিচার দ্রুত করার দাবি জানায় এবং আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। সেইসাথে সারাদেশের নারী ধর্ষণ-নির্যাতন-হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানায়।

 

শেয়ার করুন