ডেস্ক রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০২২, ৪:৫৫ অপরাহ্ণ
আন্তর্জাতিক ডেস্ক:: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আংশিক সেনা সমাবেশের নির্দেশ রাশিয়ার দুর্বলতার প্রকাশ বলে মন্তব্য করেছেন ইউক্রেনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রিজেট ব্রিংক। বুধবার টুইটারে দেওয়া এক বার্তায় তিনি এই মন্তব্য করেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।
বুধবার ‘মাতৃভূমি রক্ষায়’ আংশিক সেনা সমাবেশের নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, ‘মুক্ত করা ভূখণ্ডের’ মানুষকে রক্ষার জন্য জরুরি সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। তাই আমি প্রতিরক্ষা মন্ত্রণালয়কে আংশিক সেনা সমাবেশের নির্দেশ দিয়েছি। এ সংক্রান্ত ডিক্রিটি ইতোমধ্যে স্বাক্ষরিত হয়েছে এবং আজ থেকেই এটি শুরু হবে।
পুতিনের এই নির্দেশের প্রতিক্রিয়ায় ইউক্রেনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রিজেট ব্রিংক টুইটারে লিখেছেন, লজ্জাজনক গণভোট ও সেনা সমাবেশ রাশিয়ার দুর্বলতা ও ব্যর্থতার প্রকাশ।
তিনি আরও লিখেছেন, যুক্তরাষ্ট্র কখনও ইউক্রেনের বিচ্ছিন্ন করা ভূখণ্ডকে রাশিয়ার বলে স্বীকৃতি দেবে না। যতদিন প্রয়োজন আমরা ইউক্রেনের পাশে আছি।