ডেস্ক রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০২২, ৯:১৫ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ ও সাধারণ সম্পাদক শোভন রহমান আজ ১৪ সেপ্টেম্বর ২০২২ সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে ছাত্রলীগ কর্তৃক কুয়েট শিক্ষার্থী জাহিদুর রহমানকে ৩ ঘন্টা ধরে গেস্টরুমে নির্যাতন করার পর সরকারবিরোধী পোস্ট দেওয়ার অজুহাত দেখিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ও গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
নেতৃবৃন্দ বলেন, সরকারবিরোধী বক্তব্য দেওয়াসহ বিভিন্ন তকমা দিয়ে সাধারণ শিক্ষার্থী ও গণতান্ত্রিক ও প্রগতিশীল রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদেরকে নির্যাতন করা এবং এর মধ্য দিয়ে গণতান্ত্রিক আন্দোলনকে সন্ত্রাসের মাধ্যমে দমন করাই ছাত্রলীগের একমাত্র কাজ হয়ে দাঁড়িয়েছে। এই অগণতান্ত্রিক স্বৈরশাসকের সকল গণবিরোধী নীতি ও কর্মকাণ্ডকে রক্ষা করতে ছাত্রলীগ আজ লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়েছে।
নেতৃবৃন্দ আরও বলেন, এম এ রশীদ হলের প্রোভস্ট এম ডি হামিদুল ইসলাম যে বক্তব্য দিয়েছেন, তা সন্ত্রাসী কর্মকান্ডকেই উৎসাহ দেয়। কোন শিক্ষার্থী যদি অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকে, তার জন্য দায়িত্বপ্রাপ্ত প্রক্টরিয়াল বডি রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ রয়েছে। অথচ হলের প্রভোস্ট ও শিক্ষার্থীদের অভিভাবক হয়ে তিনি তাকে শায়েস্তা করার দায়িত্ব তুলে দিয়েছেন ছাত্রলীগের উপর। আমরা এই দায়িত্বজ্ঞানহীন বক্তব্যের তীব্র নিন্দা জানাই এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হল প্রভোস্টের অপসারণ দাবি করি।
নেতৃবৃন্দ অবিলম্বে কুয়েট শিক্ষার্থী জাহিদুর রহমানের মুক্তি দাবি করেন এবং ডিজিটাল নিরাপত্তা আইন সহ সকল গণবিরোধী আইন বাতিলের দাবি জানান।