ডেস্ক রিপোর্ট
৩ সেপ্টেম্বর ২০২২, ১১:১৯ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক:: বরিশালের আগৈলঝাড়ায় স্কুলছাত্রীদের বিদ্যালয়ে যাওয়া আসার পথে যৌন হয়রানির অভিযোগে এক ইজিবাইক চালক সোহাগ মৃধাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
সোহাগ গৌরনদী উপজেলার দক্ষিণ রামসিদ্ধি গ্রামের সেকেন্দার মৃধার ছেলে। শুক্রবার তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
আগৈলঝাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, টেমার মালেকা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের স্কুলে আসা-যাওয়ার পথে যৌন হয়রানি করে আসছিল সোহাগ।
ছাত্রী ও অভিভাবকসহ স্থানীয়রা একাধিকবার ঘটনার প্রতিবাদ করলেও সোহাগ হয়রানি বন্ধ করছিল না। সর্বশেষ গত বৃহস্পতিবার বিকালে স্কুল ছুটির পর ছাত্রীরা নাঘার সড়ক দিয়ে বাড়ি যাওয়ার পথে পুনরায় যৌন হয়রানি শুরু করে সোহাগ। বিষয়টি স্থানীয়রা জেনে ধাওয়া করে সোহাগকে আটক করে স্কুল কক্ষে আটক রাখে।
ইউএনও আরও জানান, আদালত বসিয়ে সোহাগকে ছয় মাসের কারাদণ্ড দিয়ে থানায় পাঠানো হয়। থানা থেকে তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।