ডেস্ক রিপোর্ট

২ সেপ্টেম্বর ২০২২, ৭:২০ অপরাহ্ণ

নিহত শাওনের শরীরে গুলি নেই, পাওয়া গেছে ২ ক্ষত

আপডেট টাইম : সেপ্টেম্বর ২, ২০২২ ৭:২০ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় নিহত শাওন প্রধানের শরীরে দুটি ক্ষত চিহ্ন পাওয়া গেছে। তবে কোনো গুলি পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে শাওনের ময়নাতদন্ত করেন মফিজ উদ্দিন। তারপরই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শেখ ফরহাদ জানিয়েছেন, নিহতের বুকের বা পাশে এবং পিঠের নিচের অংশে দুটি ক্ষত চিহ্ন পাওয়া গেছে। দুইটি গভীর ক্ষত। তবে শরীরে কোনো গুলি পাওয়া যায়নি।

কী কারণে শাওনের মৃত্যু হয়েছে জানতে চাইলে চিকিৎসক বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরে বিস্তারিত বলা যাবে।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির নেতা-কর্মীরা সকাল ১০টায় নগরীর ডিআইটিতে আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের সামনে থেকে শোভাযাত্রা বের করার প্রস্তুতি নেয়। এতে পুলিশ বাধা দিলে নেতা-কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। বেলা সাড়ে ১২টা পর্যন্ত দফায় দফায় চলে এই সংঘর্ষ। এই সময় আঘাতপ্রাপ্ত হন শাওন।

আহত অবস্থায় শাওনকে হাসপাতালে নিয়ে আসেন কয়েকজন। তাদের মধ্যে একজন নিজেকে দেওভোগের বাবুরাইল এলাকার বাসিন্দা ও বিএনপির কর্মী বলে পরিচয় দেন। তিনি নিজেও গুলিবিদ্ধ হয়েছেন জানিয়ে ডান পায়ে গুলির আঘাত দেখান।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি জানান, “ওর (শাওন) লগে আরও লোক আছিল। আমরাও ছিলাম। তয় ওরে আমরা চিনতাম না। ওয় অন্য গ্রুপের লগে আইছে। পুলিশ যখন গুলি করতেছিল তখন আমরা গুলশান হলের গেটের সামনে ছিলাম। দুই পাশ দিয়াই ইট-পাটকেল মারতাছিল অনেকে। ওই পোলায় একটা ইট হাতে নিয়া রাস্তায় নামার পরই একটা গুলি আইসা তার বুকে লাগে। নিচে পইড়া গেলে তারে তুইলা গুলশান হলের গেটের সামনে আইনা রাখি। পরে ওয় কয়, ‘ভাই আমারে হাসপাতালে নিয়া যান, আমার ভাল্লাগতাছে না’। হাসপাতালে আসার পর ডাক্তার কইছে ওয় মারা গেছে।”

শেয়ার করুন