ডেস্ক রিপোর্ট
৩০ আগস্ট ২০২২, ৬:৪৮ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ আজ মঙ্গলবার, ৩০ আগস্ট সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে ডিজেলের দাম মাত্র পাঁচ টাকা কমিয়ে ১১৪ টাকা থেকে ১০৯ টাকা করাকে জনগণের সাথে তামাশা অভিহিত করে অবিলম্বে ৫আগষ্ট পূর্ববর্তী সময়ের দাম নির্ধারণ করার দাবী জানিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, বিশ্ববাজারে দাম বৃদ্ধি, বিপিসির লোকসান এবং তেল পাচারের অজুহাত তুলে সরকার গত ৫ আগস্ট জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঘটিয়েছিল। এর সাথে পাল্লা দিয়ে বাড়িয়ে দিয়েছিল বাসসহ পরিবহন ভাড়া এবং দ্রব্যমূল্য। সে সময় যুক্তিসঙ্গতভাবে প্রমাণ করা হয়েছিল যে, দুর্নীতি, লুটপাট বন্ধ করলে তেলের মূল্যবেৃদ্ধি করার তো কোন কারণ নেই বরং পূর্বের দামেই বিক্রি করা সম্ভব। বিশ্ববাজারে তেলের দাম নিম্নমুখী এবং বিপিসির আর্থিক হিসাবের অসঙ্গতি (যা সংসদীয় কমিটি বলেছে) দূর করলে জ্বালানি তেলের দাম কমানো সম্ভব, এটা এখন প্রমানিত। জনমনের অসন্তোষকে প্রশমিত করার নামে গতকাল ডিজেলের দাম লিটার প্রতি ৫ টাকা কমানোর যে ঘোষণা সরকার দিয়েছে তা জনগণের সাথে তামাশা এবং ব্যবসায়ীদের সুবিধা বৃদ্ধির নতুন পাঁয়তারা এই মূল্যকমানোর কারণে পরিবহনের ভাড়া কমবে না বরং পরিবহন মালিকদের লাভ বাড়বে এবং সরকারের রাজস্ব কমবে মাত্র।
তিনি বলেন, এক ধাক্কায় দাম বাড়িয়ে অল্প অল্প করে কমানোর এই নীতি মূলত ব্যবসায়ী তোষণ নীতি। এতে জনগণের উপকার হয় না বরং মূল্যবৃদ্ধি স্থায়ী হয় মাত্র। ডিজেল যা পরিবহন, কৃষি, বিদ্যুৎ ও শিল্পখাতে ব্যবহৃত হয় তার দাম কমিয়ে পূর্বের মত ৮০ টাকা নির্ধারণ করার দাবী জানান তিনি।