ডেস্ক রিপোর্ট
২১ আগস্ট ২০২২, ১০:০৭ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: প্রশাসনিক নিয়ন্ত্রণে হলের আসন বণ্টনের দাবি জানিয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট হলে হলে ছাত্রলীগের দখলদারিত্ব ও আসন বাণিজ্য বন্ধ করার দাবি করেছে।
আজ ২১ আগস্ট ২০২২ রবিবার সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ইডেন কলেজ শাখার কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক সানজিদা হোসেন ইরা ও সদস্য সচিব নিঝুম নাহার এক যুক্ত বিবৃতিতে ইডেন কলেজের হলগুলোতে ছাত্রলীগের দখলদারিত্ব ও আসন বাণিজ্য বন্ধ করে প্রাশাসনিক নিয়ন্ত্রণে আসন বণ্টনের দাবি জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দীর্ঘদিন ধরেই হলে ছাত্রলীগের অবৈধ ভাবে সিট দখল ও সিট বাণিজ্যের প্রতিবাদ করে আসছে। কিন্তু প্রশাসন এ বিষয়ে কর্ণপাততো করেই নি বরং ছাত্রলীগের দখলদারিত্ব পাকাপোক্ত করতে ভূমিকা রেখেছে। সম্প্রতি প্রকাশিত ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতির অডিও ক্লিপ সারাদেশের মানুষের সামনে ছাত্রলীগের দখলদারিত্বের চিত্র পুনরায় স্পষ্ট করেছে। সিট দখলকে কেন্দ্র করে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের নির্যাতন, লাঞ্ছনার ঘটনা হরহামেশাই দেখা যায়। দলীয় অন্তর্কোন্দলে হলের সকল শিক্ষার্থীই ভুক্তভোগী। কিন্তু কলেজ প্রশাসন বরাবরই এই বিষয়ে নির্বিকার ভূমিকা পালন করছে।
নেতৃবৃন্দ আরও বলেন প্রশাসন যদি এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করে তাহলে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ইডেন কলেজের সকল শিক্ষার্থীদেরকে সঙ্গে নিয়ে ছাত্রলীগের অন্যায় দখলদারিত্ব ও প্রশাসনের দায়িত্বহীন পক্ষপাতমূলক আচরণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। আগামী দিনের সে আন্দোলনে ইডেন কলেজের সকল শিক্ষার্থীকে সোচ্চার হওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।