ডেস্ক রিপোর্ট

৯ আগস্ট ২০২২, ১২:৫৩ পূর্বাহ্ণ

জ্বালানী তেলের মূল্যবৃদ্ধি শ্রমজীবী মানুষের জীবনকে বিপন্ন করবে : শ্রমিক ফ্রন্ট

আপডেট টাইম : আগস্ট ৯, ২০২২ ১২:৫৩ পূর্বাহ্ণ

শেয়ার করুন

জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি শ্রমজীবী মানুষের জীবনকে বিপন্ন করবে মন্তব্য করে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের নেতৃবৃন্দ বর্ধিত মুল্য প্রত্যাহার করার দাবি জানান। একই সাথে জাতীয় ন্যুনতম মজুরী ২০ হাজার টাকা ঘোষণা ও রেশন ব্যবস্থা চালুর দাবী করেন।

সোমবার (৮ আগস্ট) সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজেকুজ্জামান রতন ও সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল এক বিবৃতিতে এই দাবি জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আর্ন্তজাতিক দাম বৃদ্ধি, বিপিসির লোকসান, ভর্তুকি দিতে সরকারের অক্ষমতা এবং তেল পাচারের দোহাই দিয়ে সরকার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির যে সিদ্ধান্ত নিয়েছে সম্পূর্ণ অযৌক্তিক ও শ্রমজীবীদের উপর নিপীড়নের সামিল। আর্ন্তজাতিক বাজারে এখন জ্বালানি তেলের দাম এখন পড়তির দিকে। ক্রড অয়েলর যে দাম এখন ৯৫ ডলার এ বছর শেষে তা ৮০ ডলারের নিচে নামতে পারে বলে জ্বালানী বিশেষজ্ঞরা মনে করেন। সরকার গত ১২ বছরে অলস বিদ্যুৎ কেন্দ্র বসিয়ে রেখে ক্যাপাসিটি চার্জ বাবদ ৮৬ হাজার ৬৭০ কোটি টাকা প্রদান করেছে। এর মধ্যে শুধুমাত্র ১০ টি শীর্ষ বেসরকারি বিদ্যুৎ কোম্পানীকে ৪৪ হাজার৬৪০ কোটি টাকা দিয়েছে বলে পত্রিকায় খবর প্রকাশিত হয়েছে। শুধু গত মার্চ মাস পর্যন্ত ৯ মাসে পর্যন্ত ক্যাপাসিটি চার্জ দেয়া হয়েছে ১৬ হাজার ৭৮৫ কোটি টাকা। এভাবে বিদ্যুৎ ব্যবসায়ীদেরকে ভর্তুকি দিয়ে বাড়তি দামের বোঝা জনগণের উপর চাপানো হচ্ছে। তেলের দামের প্রভাবে কৃষি ও শিল্প উৎপাদন, খাদ্য পণ্য, পরিবহণ খরচ, বিদ্যুৎ, পানি সহ সকল খাতে খরচ বহুগুণ বেড়ে যাবে।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, চাল, ডাল, তেলসহ নিত্যপণ্য ও খাদ্যপণ্যের অব্যাহত মূল্যবৃদ্ধিতে শ্রমজীবীসহ দেশের মানুষের এমনিতেই দিশেহারা অবস্থা। এর উপর জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি শ্রমজীবীদের জীবন যাপনকে আরো কঠিন করে তুলবে। কোন খাতের শ্রমিকের আয় বাড়েনি কিন্ত ব্যয় প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এই পরিস্থিতিতে দেশে জাতীয় ন্যুনতম মজুরি কাঠামো ঘোষনা ও গার্মেন্টস, হোটেলসহ বিভিন্ন সেক্টরে নতুন মজুরি বোর্ড গঠন ও রেশন ব্যবস্থা প্রতিষ্ঠা এখন সময়ের দাবি।

বিবৃতিতে নেতৃবৃন্দ জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার, জাতীয় ন্যুনতম মজুরি ২০ হাজার টাকা ঘোষনা, গার্মেন্টস, হোটেলসহ বিভিন্ন সেক্টরে নতুন মজুরি বোর্ড গঠন এবং শ্রমজীবীসহ সকল সাধারন মানুষের জন্য রেশন ব্যবস্থা চালু করার জোর দাবি জানান। শ্রমজীবীদের বাঁচার এই যৌক্তিক দাবি আদায়ে দেশের সকল শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

শেয়ার করুন