ডেস্ক রিপোর্ট
৪ আগস্ট ২০২২, ১১:২৭ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক:: নওগাঁর মহাদেবপুরে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরও ৪ জন আহত হয়েছেন।
বুধবার উপজেলার হাট চকগৌরী এলাকার খোড়াতলীর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মান্দার কুলিহার গ্রামের মো. খোকার স্ত্রী আবেদা বেগম (৬০) এবং তার মেয়ে বেবী আক্তার (৩৫)। আহতরা হলেন রফিকুল ইসলাম (২২) দুলালী খাতুন (৩০), খাতিজা আক্তার (২০) ও আল আমিন (৫)।
এদের মধ্যে রফিকুল ইসলামের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে (রামেক) প্রেরণ করেন।
নিহতদের স্বজনের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার দুপুরে বগুড়ার আদমদিঘী থেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরে আসার পথে বিপরীত দিক থেকে আসা একটি মিনি ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে তাদের অটোরিকশাটি উল্টে যায়। এতে করে যাত্রীরা রাস্তার উপর ছিটকে পড়ে।
স্থানীয়রা তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবেদা বেগমকে মৃত ঘোষণা করেন। এর কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় তার মেয়ে বেবী আক্তারও মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার ওসি আজম উদ্দিন মাহমুদ।