ডেস্ক রিপোর্ট

২৩ জুলাই ২০২২, ৮:১১ অপরাহ্ণ

চবি শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে ছাত্র ফ্রন্টের সমাবেশ

আপডেট টাইম : জুলাই ২৩, ২০২২ ৮:১১ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে চলমান আন্দোলনের সাথে সংহতি জানিয়ে ও ছাত্রলীগের নিপীড়ক সন্ত্রাসীদের বিচারের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাষ্কর্যের পাদদেশে আজ ২৩ জুলাই একটি বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ, সভা পরিচালনা করেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শোভন রহমান। সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা নগর শাখার সভাপতি অনিক কুমার দাস, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সুহাইল আহমেদ শুভ, কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুস্মিতা মরিয়ম।

সমাবেশে বক্তারা বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লাঞ্ছনায় জড়িতদের উপযুক্ত বিচারসহ শিক্ষার্থীদের ৪ দফা যৌক্তিক দাবির আন্দোলনের সাথে আমরা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের পক্ষ থেকে সর্বাত্মক সংহতি প্রকাশ করছি। নির্বাচন বিহীন সরকার আর তার লাঠিয়াল বাহিনী ছাত্রলীগ অবৈধ শাসন জারি রাখতে আজ সমাজের এমন কোন অপরাধ নেই যা করছে না। সামাজিক মূল্যবোধ, মানবিক মর্যাদা,নীতিনৈতিকতাকে ধ্বসিয়ে দিচ্ছে। তার ফলাফল আজকে সমাজের সকলের সামনে উপস্থিত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লাঞ্ছনা কোনো বিছিন্ন কোনো ঘটনা নয়, বরং আমাদের দেশের অবৈধ সরকার যে বিচারহীনতার সংস্কৃতি কায়েম করেছে, তারই ফল।

নেতৃবৃন্দ আরও বলেন, ঘটনার পরদিনই বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনার বিচার করার পরিবর্তে নারী শিক্ষার্থীদেরকেই রাতের বেলা বাইরে বের না হওয়ার পরামর্শ দিল। প্রশাসন স্পষ্টতই এখানে ছাত্রলীগকে আড়াল করে ঘটনা ধামাচাপা দেওয়ার আয়োজন করছে। আজ যে ৪ জন গ্রেফতার হয়েছে, শিক্ষার্থীরা আন্দোলন না করলে এটাও হয়ত হতো না। তাই শিক্ষার্থীরা যে আন্দোলন চলমান রাখার সিদ্ধান্ত নিয়েছে, তাকে আমরা সাধুবাদ জানাই, এবং সারাদেশের ছাত্র সমাজকে আন্দোলনে যুক্ত হবার আহ্বান জানাই।

শেয়ার করুন