ডেস্ক রিপোর্ট
১৫ জুলাই ২০২২, ৭:০১ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: বগুড়ায় যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও নয়জন আহত হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ঘোগা ব্রিজ নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে মারা যান এক পুরুষ (৩৫) ও এক নারী (৪০)। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো একজন পুরুষ (৩৫) মারা যায়।
নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেননি শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা সিদ্দিকুর রহমান।
সিদ্দিকুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কালিয়াকৈর পরিবহনের একটি যাত্রীবাস মহাসড়কের ঘোগা ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নওগাঁ ট্রাভেলস পরিবহনের আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই বাস যাত্রী মারা যান। উভয় বাসের চালকসহ অন্তত দশজন আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহতদের উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাৎক্ষণিক তাদের বগুড়ায় শজিমেক হাসপাতালে নেয়া হয়।
আর দুর্ঘটনায় নিহত দুজনের লাশ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ বানিউল আনাম বলেন, দুর্ঘটনা কবলিত বাস দুটি জব্দ করা হয়েছে। এ ছাড়া দুর্ঘটনায় হতাহতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।
শজিমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর বেলাল হোসেন জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৪টার দিকে একজনের মৃত্যু হয়েছে। তিনি পুরুষ ও বয়স আনুমানিক ৩৫ বছর। নিহতের লাশ হাসপাতাল মর্গে রাখা আছে।