ডেস্ক রিপোর্ট
১০ জুলাই ২০২২, ৭:৩৭ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহাকে নিয়ে ইউরোপে চলছে তুমুল আলোচনা। ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব লিডস ইউনাইটেডে খেলেন এই ফুটবলার। কিন্তু এবারের দল বদলের বাজারে খুব দ্রুতই সবার নজর কাড়তে সক্ষম হলেন তিনি। যে কারণে তাকে দলে পেতে উদগ্রীব হয়ে উঠেছে ইংলিশ ক্লাব চেলসি এবং স্প্যানিশ ক্লাব বার্সেলোনা।
তবে লিডস ইউনাইটেডর এই ফুটবলার বলতে গেলে এক পা দিয়েই ফেলেছেন বার্সেলোনায়। ব্যক্তিগতভাবে চেলসির চেয়ে বার্সায় খেলতেই আগ্রহী বেশি তিনি। বার্সাও তার ব্যাপারে লিডস ইউনাইটেডের চাওয়া এবং রাফিনহার ব্যক্তিগত চাওয়াও পূরণ করার পথে।
সব মিলিয়ে বার্সাই হতে যাচ্ছে ব্রাজিলিয়ান তারকার পরবর্তী গন্তব্য। তবে, এ নিয়ে এখনও দর কষাকষি চলছে। এরই মধ্যে চেলসি তার জন্য ৬০ মিলিয়ন পাউন্ড (প্রায় ৬৭২ কোটি টাকা) খরচ করবে বলে জানিয়ে দিয়েছে। বার্সেলোনাও চেলসির সমান ৬০ মিলিয়ন ট্রান্সফার ফি দিতে রাজি। এখন সিদ্ধান্ত পুরোপুরি রাফিনহার ওপর নির্ভর করছে যে, তিনি কোন ক্লাবে যেতে চান।
গত সপ্তাহেই চেলসির সঙ্গে ৬০ মিলিয়ন পাউন্ডে রাফিনহাকে বিক্রি করার ব্যাপারে একমত হয়েছিল লিডস ইউনাইটেড। কিন্তু বার্সা সমান দর হাঁকানোয় রাফিনহার ব্যক্তিগত ইচ্ছেয় চেলসির সঙ্গে কথা বলা বন্ধ রেখেছে লিডস।
বার্সেলোনা এই বছর ৬০০ মিলিয়ন ইউরো ঋণের মধ্যে পড়ে গেছে। সঙ্কট উত্তরণের জন্য টিভি স্বত্বের কিছু অংশ বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে বার্সা। তবুও, দলকে শক্তিশালী হিসেবে গড়ে তুলতে নতুন ফুটবলার কেনার জন্য দলবদলের বাজারে ঝাঁপিয়ে পড়ছে কাতালানরা।
গোল ডটকম জানাচ্ছে, নতুন প্রস্তাব নিয়ে এখন লিডসের সঙ্গে আলোচনা চলছে বার্সার। সব কিছু যখন একেবারে কাছাকাছি এসে পৌঁছেছে, তখন রাফিনহার পক্ষ থেকে বার্সাকে ৪৮ ঘণ্টা সময় বেধে দেয়া হয়েছে। এই ৪৮ ঘণ্টার মধ্যে অবশ্যই চুক্তি ফাইনাল করতে হবে। ৪৮ ঘণ্টার মধ্যে না পারলে রাফিনহার এজেন্ট আবারও চেলসির সঙ্গে আলোচনা শুরু করে দেবে।