ডেস্ক রিপোর্ট
৬ জুলাই ২০২২, ১:৪২ অপরাহ্ণ
আন্তর্জাতিক ডেস্ক:: টানা চার মাসেরও বেশি সময় ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। রুশ এই আগ্রাসনে পূর্ব ইউরোপের এই দেশটি অনেকটাই বিপর্যস্ত। এমনকি ‘অযৌক্তিক’ এই আগ্রাসনের কারণে যুদ্ধাপরাধ এমনকি সন্ত্রাসবাদের তকমাও জুটেছে রাশিয়ার কপালে।
তবে এবার উল্টো ইউক্রেনকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আখ্যা দিয়েছেন রুশ পার্লামেন্টের স্পিকার। তার দাবি, ইউক্রেন ‘সন্ত্রাসী’ রাষ্ট্র হয়ে উঠেছে। বুধবার (৬ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট ডুমার স্পিকার ব্যাচেস্লাভ ভোলোদিন আইনসভার পূর্ণাঙ্গ অধিবেশনে সদস্যদের বলেছেন, ইউক্রেন একটি ‘সন্ত্রাসী রাষ্ট্র’ হয়ে উঠেছে। স্টেট ডুমার ওয়েবসাইটে তার এই মন্তব্য প্রকাশ করা হয়েছে।
ব্যাচেস্লাভকে উদ্ধৃত করে সেখানে আরও বলা হয়, ‘অপরাধী সরকার ব্যবস্থার’ প্রধান হিসেবে দায়িত্বপালন করছেন (ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির) জেলেনস্কি।
আলজাজিরা বলছে, ইউক্রেনে মস্কোর ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করার পর থেকে রাশিয়ান কর্মকর্তারা তাদের প্রতিবেশী এই দেশটিকে রুশ-বিরোধী ফ্যাসিস্ট এবং ‘নব্য-নাৎসি’ দেশ হিসাবে চিত্রিত করতে বরাবরই চেষ্টা করে এসেছে। তবে মঙ্গলবারের আগপর্যন্ত ইউক্রেনকে সন্ত্রাসী রাষ্ট্র বলে কখনোই দাবি করেনি তারা।
ইউক্রেন এবং পশ্চিমা দেশগুলো অবশ্য বলছে, কিয়েভের বিষয়ে মস্কোর এই ধরনের দাবি আসলে ভিত্তিহীন প্রচার। যা মূলত ইউক্রেনীয় ভূখণ্ড দখলের ন্যায্যতা দিতে ব্যবহৃত হচ্ছে।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়ান সৈন্যরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে। একসঙ্গে তিন দিক দিয়ে হওয়া এই হামলায় ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র পড়েছে বৃষ্টির মতো।
মস্কো অবশ্য ইউক্রেনে তাদের এই আগ্রাসনকে ‘বিশেষ সামরিক অভিযান’ বলে আখ্যায়িত করছে। এছাড়া যুদ্ধের শুরুতে পুরো ইউক্রেনীয় ভূখণ্ড আক্রান্ত হলেও রাশিয়ার সামরিক বাহিনীর মূল মনোযোগ এখন দেশটির পূর্বাঞ্চলীয় ডনবাস এলাকায়।
বিবিসি বলছে, রাশিয়া মূলত ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শিল্প এলাকা ডনবাস দখল করতে চাইছে। এই ভূখণ্ডটি লুহানস্ক এবং দোনেতস্ক নামে দু’টি অঞ্চল নিয়ে গঠিত। সেখানে রুশপন্থি দু’টি বিদ্রোহী স্ব-ঘোষিত রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পর গত ফেব্রুয়ারির শেষের দিকে ইউক্রেনে আক্রমণের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সম্প্রতি লুহানস্ক অঞ্চল দখলে নেওয়ার পর রাশিয়ার সামরিক বাহিনীর মূল মনোযোগ এখন দোনেতস্ক অঞ্চলে। চলতি সপ্তাহে এই অঞ্চলের স্লোভিয়ানস্ক শহরে বেশ কয়েক দফায় হামলা চালিয়েছে রুশ সেনারা।