ডেস্ক রিপোর্ট
২৬ জুন ২০২২, ৪:৫৩ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ও বন্যার্ত মানুষদের মধ্যে ত্রাণ বিতরণ করতে বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নেতারা আগামীকাল সোমবার সিলেটে আসবেন।
বাম জোটের কেন্দ্রীয় প্রতিনিধিদের মধ্যে থাকবেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদ কেন্দ্রীয় সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, ইউসিএলবির কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য নজরুল ইসলাম, বাসদ (মার্কসবাদী)র কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় সদস্য শহিদুল ইসলাম সবুজ, ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) কেন্দ্রীয় সদস্য বিধান দাস।
বাম গণতান্ত্রিক জোটের সিলেট জেলা সমন্বয়ক কমরেড আবু জাফর এই তথ্য জানিয়ে বলেন, আগামীকাল সকাল ১১ টায় বাম জোটের কেন্দ্রীয় নেতারা বিয়ানীবাজারের চারখাই এলাকায় বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করবেন। পরবর্তীতে বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন।
আবু জাফর জানান, বাম জোটের কেন্দ্রীয় নেতারা বন্যা কবলিত এলাকা পরিদর্শন শেষে বিকেল ৩ টায় সিলেটের জিন্দাবাজারস্থ ইমজা কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করবেন।
সাংবাদিকদের সাথে বাম জোটের কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় সভায় উপস্থিত থাকার জন্য সিলেটের জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিক, ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক এবং অনলাইন সাংবাদিকদের প্রতি আহবান জানিয়েছেন বাম জোটের সমন্বয়ক আবু জাফর।
বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নেতাদের কর্মসূচি সফল করতে সকলের প্রতি আহবান জানান আবু জাফর