ডেস্ক রিপোর্ট
১১ জুন ২০২২, ৮:২৯ অপরাহ্ণ
সিলেট প্রতিনিধি:: শিশু কিশোরদের মধ্য পরিবেশ বিষয়ে সচেতন ও সংবেদনশীল মনন গড়ে তোলার প্রত্যয় নিয়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করেছে স্কুল ভিত্তিক সংগঠন বিহঙ্গ, সিলেট জেলা৷
আজ ( ১১ জুন) বিকাল ৩ টায় নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ ( সাহিত্য আসর কক্ষ) এ আয়োজনটি অনুষ্ঠিত হয়।
বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে মুখরিত ছিল গোটা আয়োজন৷ বিহঙ্গ সিলেট জেলা সংগঠক আয়শা আক্তার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল কেন্দ্রীয় কমিটির পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক সুজয় শুভ, নগর সভাপতি বিশ্বজিৎ চন্দ্র শীল, ‘বিহঙ্গ’ এর কেন্দ্রীয় সম্পাদক তানজিনা বেগম প্রমুখ৷
সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার ও পরিবেশ রক্ষায় বৃক্ষের চারা তুলে দেয়া হয়৷ কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে, মঈনুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজা আক্তার নিলীমা, ২য় স্থান অধিকার করে জামেয়া চান্দু শাহ আলিয়া মাদ্রাসার ছাত্র নাবিল আহমদ ও ৩য় স্থান অধিকার করে সিলেট সিটি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী আল ইয়াসা মাহদী৷ আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশে প্রতিবছর মোট মৃত্যুর ২৮ শতাংশ হয় প্রাকৃতিক দূষণজনিত রোগব্যাধির কারণে, সংখ্যার হিসাবে যা প্রায় আড়াই লক্ষ। বিশ্বে বসবাসের অযোগ্য শহর হিসাবে ঢাকার স্থান শীর্ষে৷ নানা মেগা প্রজেক্টের নামে সীমাহীন ক্ষতি হচ্ছে প্রাণ-প্রকৃতি-পরিবেশ এর। তথাকথিত উন্নয়নের শিরা উপশিরায় ভেসে বেড়াচ্ছে ভয়াবহ দূষণ। প্রতিমাসে আমাদের শরীরে ডুকছে প্রায় ১৫০ গ্রাম মাইক্রো প্লাস্টিক । শরীরে ৭৫ হাজার প্লাস্টিক কণা ক্রমেই আমাদের নিয়ে যাচ্ছে মৃত্যুর দ্বারপ্রান্তে। কিন্তু এই সর্বগ্রাসী দূষণ নিয়ে কি আমরা একটুও ভাবছি ? নাকি নির্বিচারে ধ্বংস করছি সবুজ প্রকৃতি?
একজন সুস্থ মানুষ শ্বাস প্রশ্বাসের সময় প্রতি মিনিটে ৭-৮ লিটার বাতাস গ্রহণ করে। ২৪ ঘন্টায় যার পরিমাণ আনুমানিক ১১ হাজার লিটার। তন্মধ্যে ৫৫০ লিটার বিশুদ্ধ অক্সিজেন শরীরের প্রয়োজন হয়। যার বাজার মূল্য প্রায় ৮০০ ডলার (৬৬ হাজার টাকা), যা আমরা প্রতিদিন প্রকৃতি থেকে বিনামূল্যে পাই। কিন্তু তার বিনিময়ে প্রকৃতিকে আমরা কি দেই? মাত্র ৭-৮ টি গাছ একজন সুস্থ মানুষের এক বছরের অক্সিজেনের চাহিদা মেটাতে পারে। অথচ সেই পরিমাণ বৃক্ষ কি আমরা রোপণ করছি ? কোথাও গণহারে বৃক্ষ নিধণ হলে কি আমরা প্রতিবাদ করছি ?
বক্তারা বলেন, বিহঙ্গ একটি পরিবেশ সচেতন প্রজন্ম গড়ে তুলতে চায়৷ পরিবেশ রক্ষায় সংবেদনশীল মনন ছড়িয়ে দিতে চায়৷ সেই লক্ষ্যকে সামনে রেখে আগামী দিনেও বিহঙ্গ তার কার্যক্রম চালিয়ে যাবে।