ডেস্ক রিপোর্ট
৫ জুন ২০২২, ৮:১২ অপরাহ্ণ
চট্টগ্রাম প্রতিনিধি:: চট্টগ্রামের সীতাকুন্ডে বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহত-আহত ও ক্ষতিগ্রস্থ পরিবারের প্রতি গভীর শোক জ্ঞাপন করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ চট্টগ্রাম জেলা। বিবৃতিতে আহতদের চিকিৎসা, দায়ীদের শাস্তি ও নিহত-আহতদের ক্ষতিপূরণ দেয়ার দাবি জানানো হয়।
বাসদ চট্টগ্রাম জেলার ইনচার্জ আল কাদেরি জয় এক বিবৃতিতে বলেন, সর্বশেষ সংবাদ অনুযায়ী প্রায় ৩৮ জন মৃত্যুবরণ করেছেন এবং এই মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। প্রায় ৪০০ শতাধিক আহত হয়েছে। আহতদের ভীড়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে তিল ধারণের জায়গা নেই। তিনি আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করার দাবি জানান। একই সাথে দলের নেতা-কর্মী ও নগরবাসীকে রক্ত দানসহ প্রয়োজনীয় সহায়তার জন্য এগিয়ে আসার আহ্বান জানান।
দূর্ঘটনা ঘটার পর পরই গভীর রাতে একের পর এক এম্বুলেন্স, আহতদের আর্তনাদ, নিহত মানুষের ভীড় ও ক্ষতিগ্রস্থদের স্বজনের আহাজারিতে চট্টগ্রাম মেডিকেল কলেজের পরিবেশ ভারী হয়ে ওঠে। বাসদ চট্টগ্রাম জেলার নেতৃবৃন্দ রাতেই সরাসরি গিয়ে এই পরিবেশ প্রত্যক্ষ করেন এবং ক্ষতিগ্রস্থদের সাথে দেখা করেন।
তিনি আরো বলেন, বিস্ফোরক, দাহ্য পদার্থ, কেমিক্যালস ও গার্মেন্টস পণ্য একসাথে না রাখার যে ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থা থাকা উচিত ছিল এক্ষেত্রে তা মেনে চলা হয় নাই। এর ফলেই এই ভয়াবহ দূর্ঘটনা ঘটেছে বলেছে আমরা মনে করি এবং কর্তৃপক্ষ কোনোভাবেই এর দায় এড়াতে পারেনা।
বিবৃতিতে তিনি এই ঘটনার দ্রুততম সময়ের ভিতর সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়িত্ব অবহেলার জন্য মালিক ও কর্তৃপক্ষের শাস্তি দাবি করেন। একই সাথে নিহত আহতদের পরিবারকে সর্বোচ্চ ক্ষতিপূরণ, চিকিৎসা ও পুনর্বাসনের দাবি জানান এবং এই সংকটময় মুহুর্তে চটগ্রামেএ জনসাধারণের এভাবে এগিয়ে আসায় নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান।