ডেস্ক রিপোর্ট

২৬ মে ২০২২, ১১:১০ অপরাহ্ণ

সভা-সমাবেশের উপর পুলিশ-ছাত্রলীগের হামলার নিন্দা

আপডেট টাইম : মে ২৬, ২০২২ ১১:১০ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: বিরোধী রাজনৈতিক দল ও সংগঠনের নেতা-কর্মীদের উপর পুলিশ ও সরকারি ছাত্র সংগঠনের সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশিদ ফিরোজ সভা-সমাবেশের উপর পুলিশী হামলা আইন করে নিষিদ্ধ করার দাবি জানান।

আজ ২৬ মে ২০২২ এক বিবৃতিতে খুলনাসহ সারাদেশে বিরোধী রাজনৈতিক দল ও সংগঠনের নেতা-কর্মীদের উপর পুলিশ ও সরকারী ছাত্র সংগঠনের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বিবৃতিতে কমরেড ফিরোজ বলেন, রাজনীতিতে পরমত সহিষ্ণুতা গণতন্ত্রের জন্য অপরিহার্য শর্ত। কিন্তু গত কয়েকদিন ধরে বিরোধী ছাত্র সংগঠনের উপর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে ক্ষমতাসীন ছাত্র লীগ, আওয়ামী লীগ ও পুলিশের ন্যাক্কারজনক হামলা অব্যাহত রয়েছে। আজ খুলনায় বিএনপির দলীয় সমাবেশের উপর ছাত্রলীগ ও পুলিশের হামলায় সমাবেশ পণ্ড হয়ে যায়। একই দিন আজ পটুয়াখীতেও বিএনপির সমাবেশে ছাত্রলীগ-যুবলীগ সন্ত্রাসীরা হামলা চালায়। অন্যদিকে আজ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্র দলের নেতা-কর্মীদের উপর ছাত্র লীগের সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলা বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে। সেখানে ছাত্র দলের নারী কর্মীদের উপর যেভাবে নৃশংস হামলা চালিয়েছে তা পাকিস্তান আমলের এনএসএফ এর সন্ত্রাসকেই স্মরণ করিয়ে দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সন্ত্রাসী হামলা বন্ধে পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নির্লিপ্ততা শিক্ষার গণতান্ত্রিক পরিবেশকে বিঘ্নিত করছে।

কমরেড ফিরোজ আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসন প্রতিরোধে বাম প্রগতিশীল ও গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। একই সাথে ডিজিটাল কারচুপির মাধ্যমে আবারও ক্ষমতাসীন হয়ে চূড়ান্ত ফ্যাসিবাদী ব্যবস্থা প্রতিষ্ঠার পাঁয়তারা রুখে দাঁড়ানোর জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন