ডেস্ক রিপোর্ট
১৮ মে ২০২২, ১১:১২ অপরাহ্ণ
বরিশাল প্রতিনিধি:: ভূমিহীনদের খাস জমি বন্দোবস্ত দেওয়া ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যর দাম বৃদ্ধির প্রতিবাদে আজ ১৮ মে ২০২২ (বুধবার) সকাল ১০টায় নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে গণসংহতি আন্দোলনের সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে জেলাপ্রশাসক বরাবর স্মারকলিপি পেশ ও পরবর্তীতে মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।
স্মারকলিপি প্রদান পূর্ব সমাবেশে সাকিবুল ইসলাম সাফিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা আহ্বায়ক জননেতা দেওয়ান আবদুর রশিদ নীলু, বাংলাদেশ বহুমুখী শ্রমজীবী ও হকার সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি বাচ্চু ভূঁইয়া, বরিশাল জেলা আহ্বায়ক আরিফুর রহমান মিরাজ,বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন (টাফ) এর কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলিফ দেওয়ান, গণসংহতি আন্দোলন বরিশাল জেলা কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক জামান কবির প্রমুখ।
সভাপতির বক্তব্যে দেওয়ান আবদুর রশিদ নীলু বলেন, “দেশে নিত্যপন্যর দাম বৃদ্ধিতে জনগনের জীবনে নাভিশ্বাস উঠেছে। তারা এর থেকে পরিত্রাণ চায়। সুপরিকল্পিত ভাবেই সরকার সিন্ডিকেটের কাছে আত্মসমার্পন করেছেন। রমজানের শেষ থেকে বাজার থেকে সয়াবিন তেল উধাও। সরকার শুধু নাম দেখানো অভিযান চালায়। আদতে তারা জনগণের স্বার্থ রক্ষা না করে ক্রমাগত জনগনের পকেট কেটে চলছে। আর এসব অর্থ দিয়ে মেগা প্রজেক্টের নামে লুটপাট করছে। বরিশাল শহরের শ্রমজীবীরা চড়া দামে দ্রব্যমূল্য পরিশোধ করতে না পেরে অনেকেই ইতিমধ্যে শহর ছাড়তে শুরু করেছেন। সংবিধানে খাসজমির মালিকানা ভূমিহীনদের দেওয়া হয়েছে। কিন্তু স্বাধীনতার ৫০ বছর পরেও তারা ভূমিহীন মানবেতর জীবনযাপন করছে। আমরা সরকারের কাছে আমাদের অধিকার চাই। নিত্যপন্যর দাম কামতে হবে, ভূমিহীনদের ভূমি বন্দোবস্ত দিতে হবে৷ নতুবা এসব শ্রমজীবীদের নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে”।
বাংলাদেশ বহুমুখী শ্রমজীবী ও হকার সমিতির কেন্দ্রীয় সভাপতি বাচ্চু ভূঁইয়া বলেন, “করোনার প্রভাবে দেশের সকল মানুষে অর্থনৈতিকভাবে সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। ঠিক এই সময়ে ভাসমান শ্রমজীবীদের জন্য সরকারের যে ব্যাবস্থাগ্রহন করার কথা ছিলে তারা তা না করে বরং দূর্বল বাজার মনিটরিং এর মাধ্যমে জনগনের জীবনকে আরো সংকটের দিকে ঠেলে দিয়েছে। সকল ধরনের জ্বালানী খরচ বৃদ্ধির প্রতিবাদে আমরা আগেও প্রতিবাদ করেছি। কিন্তু সরকার নির্বিকার রয়েছে। যার ফলে জালানির সাথে সম্পর্কিত সকল পন্যর দাম বৃদ্ধি পেয়েছে। ঘন্টায় ২০ টাকা শ্রম বিক্রি করে বরিশালের শ্রমিকদের এই দামে বেঁচে থাকা সম্ভব নয়। দ্রুতই সরকারকে সকল নাগরিকদের রেশনিং এর আওতায় আনতে হবে। অবিলম্বে জ্বালানি সহ সবকিছুর দাম কমান নইলে পদত্যাগ করেন”।
গণসংহতি আন্দোলন বরিশাল জেলা কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, “চারদিকে আবার চাটার দলেরা জেগে উঠেছে। দেশকে তারা লুটপাটের স্বর্গরাজ্য পরিনত করেছে৷ আমরা ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই দেশ চাইনি। যে দেশে এখনও ভূমিহীনরা তাদের ভূমি বন্দোবস্ত পায়না। তাই আমাদের আবার জেগে উঠতে হবে৷ গণজাগরণের মধ্যে থেকে আমাদের নাগরিক অধিকার আদায় করতে হবে”।